গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকিতে লন্ডনে অনুষ্ঠান বাতিল করলেন ব্রিটিশ চ্যান্সেলর

45

সাইফ হাসান: গ্রিনল্যান্ড কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর বিশ্ববাজারে বড় ধরণের অস্থিরতা দেখা দিয়েছে। এর জেরে ব্রিটিশ চ্যান্সেলর রেচেল রিভস লন্ডন স্টক এক্সচেঞ্জের একটি উৎসবমুখর অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন। ট্রাম্প যুক্তরাজ্যসহ ইউরোপের আটটি দেশের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় রেচেল এখন প্রধানমন্ত্রীর সাথে ডাউনিং স্ট্রিটে জরুরি বৈঠক করছেন।

লন্ডন স্টক এক্সচেঞ্জে এফটিএসই ১০০ সূচক প্রথমবারের মতো ১০,০০০ পয়েন্ট পার করায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে রেচেল রিভসের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্পের হুমকির পর সোমবার সকালে বাজার খোলার সাথে সাথেই শেয়ারের দরপতন শুরু হয়। যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক ০.৪ শতাংশ কমে গেছে এবং ফ্রান্স ও জার্মানির বাজারেও বড় পতন দেখা গেছে।

ডোনাল্ড ট্রাম্প গত শনিবার হুমকি দিয়েছেন যে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কিনতে না দিলে তিনি ইউরোপের আটটি দেশের পণ্যের ওপর চড়া শুল্ক বসাবেন। তিনি বলেছেন, ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে এবং ১ জুনের মধ্যে তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। এই তালিকায় যুক্তরাজ্য ছাড়াও ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স এবং সুইডেনের মতো দেশ রয়েছে।

অনুষ্ঠান বাতিল করে রেচেল রিভস প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে যোগ দেন। সেখানে প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, মিত্রদের মধ্যে শান্ত আলোচনার মাধ্যমে এই বিরোধের সমাধান করা উচিত। তবে রেচেল না থাকলেও স্টক এক্সচেঞ্জের অনুষ্ঠানটি শেষ পর্যন্ত জুলিও হগেটের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে।

বিনিয়োগকারীরা এখন সোনা ও রুপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন যার ফলে এগুলোর দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। ডয়চে ব্যাংকের বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই হুমকি অর্থনৈতিক ও ভূ-রাজনীতির জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের বাজার আজ মার্টিন লুথার কিং জুনিয়র দিবসের কারণে বন্ধ রয়েছে।

#TrumpTariffs #Greenland #UKEconomy #aknews #onebanglanews