সাইফ হাসান: যুক্তরাজ্যের জনপ্রিয় অনলাইন শপ অ্যামাজনে অবাধে বিক্রি হচ্ছে শিশুদের খৎনা করার সরঞ্জাম যা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শ বা কোনো প্রশিক্ষণ ছাড়াই এসব কিট সাধারণ মানুষের হাতে পৌঁছে যাচ্ছে যা শিশুদের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে। সম্প্রতি ভুল চিকিৎসায় এক শিশু মা\রা যাওয়ায় বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে এবং কঠোর আইনের দাবি উঠেছে।
দ্য গার্ডিয়ান তাদের এক অনুসন্ধানে দেখেছে, অ্যামাজনে ‘প্লাস্টিবেল’ নামের খৎনার কিট মাত্র ২০০ পাউন্ডে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বিজ্ঞাপন দিয়ে দাবি করছেন, এই যন্ত্র ব্যবহারে কোনো বিশেষ ড্রেসিং বা বাড়তি যত্নের প্রয়োজন হয় না। তবে চিকিৎসকরা সতর্ক করে বলছেন, অদক্ষ হাতে এসব ব্যবহারের ফলে শিশুদের বড় ধরনের ক্ষতি হতে পারে।
গত বছর মোহাম্মদ আবদিসামাদ নামের ছয় মাসের এক শিশু খৎনার পর ইনফেকশনে আক্রান্ত হয়ে মা\রা গেছে। এরপরই পশ্চিম লন্ডনের সহকারী করোনার ডা. অ্যান্টন ভ্যান ডেলেন সতর্ক করে বলেছেন, কোনো প্রশিক্ষণ ছাড়াই যে কেউ এসব স্পর্শকাতর অস্ত্রোপচার করছে যা অবিলম্বে বন্ধ করা জরুরি। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও শিশু মৃ*ত হতে পারে।
ব্রিটিশ লর্ড স্ক্রিভেন এই নিয়মহীনতার কড়া সমালোচনা করে বলেন, শরীরে উল্কি বা ট্যাটু আঁকার জন্যও লাইসেন্স লাগে, অথচ শিশুদের শরীরের এত বড় অস্ত্রোপচারে কোনো নিয়ম নেই। তিনি অবিলম্বে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন যেন অনিবন্ধিত কেউ এই কাজ করতে না পারে এবং শিশুরা সুরক্ষিত থাকে।
বিষয়টি নজরে আসার পর অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ওই বিতর্কিত পণ্যগুলো সাইট থেকে সরিয়ে নিয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তাদের স্টোরে সব পণ্যই আইন মেনে বিক্রি করা হয় এবং শুধুমাত্র পেশাদার চিকিৎসকদের ব্যবহারের পণ্য সাধারণের কাছে বিক্রি নিষিদ্ধ।
#AmazonUK #ChildSafety #HealthNews #aknews #onebanglanews















