সাইফ হাসান: চীনে ব্যাডমিন্টন কোর্টে মানুষের বিপক্ষে খেলে নতুন এক বিশ্বরেকর্ড সৃষ্টি করেছে একটি চার চাকার রোবট। একটানা ১ হাজার ৪৫২ বার সফলভাবে শাটলকক ফেরত পাঠিয়ে এই রেকর্ড গড়েছে ঝেজিয়াং প্রদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি যন্ত্রটি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই অনন্য কীর্তির স্বীকৃতি দিয়েছে। আধুনিক ভিশন সিস্টেম ও গতি নিয়ন্ত্রণ প্রযুক্তির মাধ্যমে রোবটটি নিখুঁতভাবে খেলা চালিয়ে বিস্ময় সৃষ্টি করেছে।
চীনের ঝেজিয়াং প্রদেশের শাওশিং শহরে ২৯ ডিসেম্বর এই ব্যতিক্রমী ব্যাডমিন্টন ম্যাচের আয়োজন করা হয়। সেখানে দেশটির কয়েকজন সেরা খেলোয়াড়ের বিপক্ষে মাঠে নামে বিশেষ এই রোবট। এটি তৈরি করেছে ঝেজিয়াং শেনচেন কাইডং টেকনোলজি কোম্পানি নামক একটি স্থানীয় প্রতিষ্ঠান।
রোবটটি কোনো বিরতি ছাড়াই মোট ১ হাজার ৪৫২ বার শাটলকক সফলভাবে প্রতিপক্ষের কোর্টে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে। নড়াচড়া করতে সক্ষম রোবটের ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত টানা সবচেয়ে বেশি কাউন্টার হিট করার বিশ্বরেকর্ড। আয়োজকরা জানিয়েছেন, নিখুঁতভাবে খেলার জন্য এতে অত্যন্ত উন্নত সেন্সর ও সফটওয়্যার ব্যবহার করা হয়েছে।
এই রোবটটির বিশেষত্ব হলো এটি মিলিসেকেন্ডের ব্যবধানে শাটলককের গতি ও দিক বুঝতে পারে এবং দ্রুত প্রতিক্রিয়া জানায়। ম্যাচে রোবট ও মানুষের মধ্যকার সমন্বয় দেখে উপস্থিত সবাই মুগ্ধ হয়েছেন। প্রযুক্তিবিদরা মনে করছেন, খেলাধুলায় প্রযুক্তির এমন সংযোজন ভবিষ্যতে আরও বড় বিস্ময় নিয়ে আসবে।
#badminton #robot #technology #guinnessworldrecord #aknews #onebanglanews















