কির্স্টি হারোগেটের বাসিন্দা। সম্প্রতি বিবাহবিচ্ছেদের পর তিনি একাকিত্ব অনুভব করছিলেন। অনলাইন ডেটিংয়ে যুক্ত হওয়ার বিষয়ে তাঁর আগ্রহ ছিল না, কিন্তু বন্ধু ও পরিবারের উৎসাহে শেষ পর্যন্ত তিনি ডেটিং অ্যাপে নাম লেখান। ২০২৩ সালের জুন মাসে তিনি অনলাইনে পরিচিত হন এক ব্যক্তির সঙ্গে, যিনি নিজেকে সদয়, যত্নশীল এবং বিশ্বাসযোগ্য বলে উপস্থাপন করেছিলেন।
পরিচয়ের এক সপ্তাহের মধ্যেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ওই ব্যক্তি কির্স্টিকে জানান যে তিনি লিডসের বাসিন্দা, লন্ডনে কাজ করেন। তিনি লিডসের বিভিন্ন রেস্তোরাঁ, বার এবং পরিচিত জায়গা নিয়ে স্বচ্ছন্দে কথা বলতেন—যা কির্স্টির বিশ্বাস আরও দৃঢ় করে তোলে। দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা ধীরে ধীরে রোমান্টিক সম্পর্কে পরিণত হয়।
পরবর্তী কয়েক সপ্তাহ তারা নিয়মিত ফোনে কথা বলতেন এবং একে অপরকে ছবি পাঠাতেন। তবে একটি বিষয় অস্বাভাবিক ছিল—তারা কখনোই সামনাসামনি দেখা করেননি। ওই ব্যক্তি হঠাৎ একদিন জানান, ব্যবসার কাজে তাকে তুরস্কের ইস্তাম্বুলে যেতে হয়েছে। কিছুদিন পর কির্স্টির কাছে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে তিনি জানান, তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন, তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছেন। তিনি হাসপাতালে থাকার একটি ছবিও পাঠান, যা দেখে কির্স্টির মনে কোনো সন্দেহ জাগেনি।
কিন্তু বাস্তবে সেই ছবিগুলো তার ছিল না। পরে জানা যায়, সে ছবিগুলো অন্য একজনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে চুরি করা হয়েছিল।
কিছুদিন পর ওই ব্যক্তি কির্স্টিকে অনুরোধ করেন তার ব্যাংক অ্যাকাউন্টে লগইন করে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করতে। গভীর রাতে দীর্ঘ সময় চিন্তাভাবনার পর কির্স্টি রাজি হন। ব্যাংক অ্যাকাউন্টটি দেখতে একেবারে বাস্তব মনে হচ্ছিল—অর্থের লেনদেন, বড় অঙ্কের লেনদেন, সবকিছুই ছিল। এতে করে কির্স্টির সন্দেহ আরও দূর হয়।
এরপর আরেকদিন ওই ব্যক্তি তাকে আবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে হাসপাতালের বিল পরিশোধ করতে বলেন। কিন্তু এবার সমস্যা দেখা দেয়। কির্স্টি লক্ষ্য করেন, আইপি ঠিকানা পরিবর্তনের কারণে অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে। বিষয়টি জানালে ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং দোষ চাপান কির্স্টির ওপর। তিনি দাবি করেন, কির্স্টির কারণেই তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। এরপর তিনি সরাসরি কির্স্টির কাছে ৬,২৫০ পাউন্ড হাসপাতালের বিল চান।
সেখান থেকেই শুরু হয় একের পর এক অর্থের দাবি। প্রতিবারই ওই ব্যক্তি প্রতিশ্রুতি দিতেন, সুস্থ হলেই সব অর্থ ফেরত দেবেন। বিশ্বাস, ভালোবাসা আর সহানুভূতির টানে কির্স্টি প্রতিবারই অর্থ দিতে থাকেন। সব মিলিয়ে তিনি ৯০ হাজার পাউন্ড দেন ওই ব্যাক্তিকে।
শেষ পর্যন্ত সত্য উদ্ঘাটিত হয় কির্স্টির বোনের মাধ্যমে। তিনি ইনস্টাগ্রামে খুঁজে পান সেই ছবিগুলোর আসল মালিক। তখনই কির্স্টি বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। সেই মুহূর্তের কথা স্মরণ করে কার্সটি বলেন, তাঁর হৃদয় ভেঙে গিয়েছিল।
কির্স্টি তার হারানো অর্থ আর ফিরে পাননি। যদিও পরবর্তীতে আইন পরিবর্তন করে প্রতারণার শিকারদের সর্বোচ্চ ৮৫ হাজার পাউন্ড পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, ততদিনে তাঁর মানসিক ক্ষতি হয়ে গেছে অনেক। একসময় ওই প্রতারক আবারও ফোন করে ক্ষমা চেয়ে ভালোবাসার কথা বলতে থাকে। কিন্তু এবার কির্স্টি আর বিশ্বাস করেননি। ফোনটি দেয়ালে ছুড়ে ফেলে তিনি উপলব্ধি করেন—এটি শুধু প্রতারণা নয়, এটি একটি অপরাধ। সেদিনই তিনি সিদ্ধান্ত নেন, ঘটনাটি কর্তৃপক্ষকে জানাবেন।















