শিবগঞ্জে তরুণকে খুঁটিতে বেঁধে কুপিয়ে হাত ও পা প্রায় বিচ্ছিন্ন

78

সাইফ হাসান: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবু সুফিয়ান নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে জখম করা হয়েছে। এতে তার দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঘটনায় জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরী স্বজনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এই নৃশংস হা*মলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। বর্তমানে সুফিয়ান ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিবগঞ্জ উপজেলার উমরপুর ঘাট এলাকায় গত বুধবার আবু সুফিয়ানকে নির্মমভাবে কোপানো হয়। সুফিয়ানের মা জানান, এক কিশোরী স্বজনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এই বর্বরতা চালানো হয়েছে। সুফিয়ানকে আবদুর রাজ্জাকের দোকানের সামনে খুঁটির সঙ্গে বেঁধে কুপিয়ে তার হাত ও পা প্রায় আলাদা করে ফেলা হয়।

এই ঘটনায় সুফিয়ানের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শাহ আলম ও তার ভাই আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে। রাজ্জাক পেশায় একজন মাদরাসা শিক্ষক এবং ঘটনাস্থলেই তার একটি ওষুধের দোকান রয়েছে।

গুরুতর আহত সুফিয়ানকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে বেশ কিছু অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

স্থানীয় জামায়াত নেতা সাদিকুল ইসলাম দাবি করেছেন যে গ্রেপ্তার হওয়া দুই ভাই এই ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি এই ঘটনাকে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন মামলার অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

#শিবগঞ্জ #চাঁপাইনবাবগঞ্জ #নিউজ #আবুসুফিয়ান #বাংলাদেশ

#aknews #onebanglanews