ঢাকা সংবাদদাতা: ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে বিজি প্রেস মাঠ এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ বলছে, আনুমানিক ত্রিশ বছর বয়সী ওই যুবক একটি ডাকাত দলের সদস্য। তার নাম আবদুল্লাহ বলে জানতে পেরেছে পুলিশ। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, ওই এলাকায় জড়ো হয়ে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবরে পুলিশে সেখানে অভিযানে যায়। ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে একজন আহত হয়, বাকিরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, তিনটি কার্তুজ ও দুটি চাপাতি জব্দ করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, আবদুল্লাহর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তার বুকে তিনটি গুলির চিহ্ন আছে।















