হাদি হ*ত্যা মামলায় সন্দেহে গ্রেপ্তার হওয়া ‘হান্নানের’ জামিন

117

সাইফ হাসান: ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হ*ত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার আবদুল হান্নানকে জামিন দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই জামিন আবেদন মঞ্জুর করেন। হাদিকে গু*লি করার মোটরসাইকেলের মালিক সন্দেহে হান্নানকে গ্রেপ্তার করা হলেও তার বিরুদ্ধে কোনো তথ্য পায়নি পুলিশ। তদন্তে দেখা গেছে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের সাথে হান্নানের কোনো সম্পর্ক ছিল না। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদি মা\রা যাওয়ায় এখন এটি একটি হ*ত্যা মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।

রাজধানীর বিজয় নগরে গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। ওই ঘটনার পরদিন র‍্যাব আবদুল হান্নানকে মোটরসাইকেলের মালিক সন্দেহে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছিল। পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিলেও হত্যাকাণ্ডের সাথে তার সরাসরি কোনো সম্পৃক্ততা খুঁজে পায়নি।

আদালতে শুনানির সময় হান্নান জানিয়েছিলেন যে তিনি তার মোটরসাইকেলটি অনেক আগেই একটি শোরুমে বিক্রি করে দিয়েছিলেন। পুলিশ তদন্ত করে দেখেছে যে হান্নানের নামে নিবন্ধিত মোটরসাইকেলের নম্বরের সাথে ঘটনাস্থলে দেখা যাওয়া মোটরসাইকেলের নম্বরে অমিল রয়েছে। এ ছাড়া হান্নানের মোটরসাইকেল ছিল সুজুকি ও ইয়ামাহা ব্র্যান্ডের কিন্তু হাদিকে গুলি করার সময় হোন্ডা হর্নেট ব্যবহার করা হয়েছিল।

শরিফ ওসমান হাদি গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার ওপর হামলার অভিযোগে করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। পুলিশ জানিয়েছে তারা এই হামলার মূল পরিকল্পনাকারী ও হামলাকারীদের চিহ্নিত করেছে এবং তাদের গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

#হাদিহত্যাকাণ্ড #জামিন #ইনকিলাবমঞ্চ #ঢাকা #নিউজ