ময়মনসিংহে পোশাকশ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হ*ত্যার ঘটনায় তোলপাড় চলছে এলাকায়

127

সাইফ হাসান: ময়মনসিংহের ভালুকায় কারখানা থেকে বের করে এক শ্রমিককে পিটিয়ে হ*ত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগে তাকে বর্বরোচিতভাবে হ*ত্যা করা হয়। নিহতের নাম দীপু চন্দ্র দাস যিনি ওই কারখানায় ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তাকে হ*ত্যার পর মহাসড়কের পাশে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় জড়িত অভিযোগে এখন পর্যন্ত বারোজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাইওনিয়ার নিটওয়্যারস কারখানায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম দীপু চন্দ্র দাস। তিনি তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে এবং ওই কারখানায় জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

গত বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগে কারখানার ভেতরেই হট্টগোল শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা কারখানার পকেট গেট ভেঙে দীপুকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যায়। এরপর তাকে নির্মমভাবে পিটিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় দোকানদার আবু তাহের জানান যে মসজিদ থেকে বের হয়ে তিনি কারখানার সামনে প্রচুর লোকজনের ভিড় দেখতে পান। তবে বাইরের লোকজন কীভাবে সেখানে জড়ো হলো তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। কারখানার সিসিটিভি ফুটেজেও অনেক মানুষকে গেট ভাঙার চেষ্টা করতে দেখা গেছে।

শিল্প পুলিশের এসপি ফরহাদ হোসাইন খান জানান যে তাদের খবর দিতে অনেক দেরি করা হয়েছে। তারা যখন ঘটনাস্থলে পৌঁছান ততক্ষণে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তবে সময়মতো খবর পেলে হয়তো এই প্রাণহানি ঠেকানো যেত বলে মনে করছে পুলিশ।

এই ঘটনায় নিহতের ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত ১৪০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ইতিমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করেছে। আজ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা কারখানার সামনে একত্র হয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

#ময়মনসিংহ #শ্রমিকহত্যা #ভালুকা #বিচারচাই #পোশাকশ্রমিক