জেমস ক্যামেরনের নতুন চমক অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ কাল ঢাকায় মুক্তি পাচ্ছে

82

সাইফ হাসান: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাল মুক্তি পাচ্ছে জেমস ক্যামেরনের নতুন সিনেমা অ্যাভাটার ৩। বিশ্ব মুক্তির দিনেই বাংলাদেশের দর্শকরা স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখার সুযোগ পাবেন। সিনেমাটির লন্ডন প্রদর্শনীতে ইতিমধ্যে সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এটি। এবারের গল্পে নাভিদের এক নতুন এবং ভিন্ন রূপ দেখা যাবে।

আবারও রূপালি পর্দায় ফিরছে প্যানডোরার জাদুকরী দুনিয়া। শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে জনপ্রিয় অ্যাভাটার সিরিজের তৃতীয় সিনেমা অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ। একই দিনে বাংলাদেশের দর্শকদের মাতাতে স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

২০০৯ সালে মুক্তি পাওয়া সিরিজের প্রথম সিনেমাটি প্রায় ২ দশমিক ৯ বিলিয়ন ডলার আয় করে বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল। এরপর ২০২২ সালে এর দ্বিতীয় কিস্তি দ্য ওয়ে অব ওয়াটার মুক্তি পায় যা প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করেছিল। দীর্ঘ তিন বছর পর জেমস ক্যামেরন এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন তার নতুন এই মহাকাব্যিক কল্পবিজ্ঞান সিনেমা।

লন্ডনে সিনেমাটির বিশেষ প্রদর্শনী দেখে ইতিমধ্যে অনেক সমালোচক ভূয়সী প্রশংসা করেছেন। সমালোচকদের মতে এই সিনেমাটি কেন প্রেক্ষাগৃহে দেখা জরুরি তা ফের প্রমাণ করেছেন জেমস ক্যামেরন। ওনা চ্যাপলিন, স্যাম ওয়ার্থিংটন এবং জোয়ি সালদানার মতো তারকারা এবারের পর্বেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

ছবির পরিচালক জেমস ক্যামেরন জানিয়েছেন এবার নাভিদের একটি ভিন্ন ও নেতিবাচক দিক দেখানো হবে। গল্পের কেন্দ্রে থাকছে সুলি পরিবার এবং আগুনের প্রতীক হিসেবে পরিচিত অ্যাশ পিপল নামের এক নতুন জনগোষ্ঠী। আগের পর্বে প্রিয়জনের মৃত্যু ও শোক কাটিয়ে ওঠার লড়াই আর নতুন বিপদের গল্প নিয়েই এগিয়েছে এই সিনেমার কাহিনী।

#অ্যাভাটার৩ #জেমস_ক্যামেরন #স্টার_সিনেপ্লেক্স #সিনেমা_নিউজ #বিনোদন