সাইফ হাসান: যুক্তরাজ্যের এসেক্সে একটি লেবেলিং মেশিনারিজ কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতভর জ্বলা এই আগুনে ভবনটির মূল কাঠামো পুরোপুরি ধসে পড়েছে। সাতটি ইউনিটের ৩০ জনেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী দীর্ঘ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। ঘন কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এসেক্স কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, হারউইচের এ১২০ ও স্টোর রোডে অবস্থিত প্রিমিয়ার লেবেলার্স নামের একটি প্রতিষ্ঠানে রাত আনুমানিক ১টা থেকে আগুনের সূত্রপাত হয়। ভোর পৌনে চারটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। গুদামটিতে প্রচুর পরিমাণে কার্ডবোর্ড বক্স, ফর্কলিফট ও লেবেলিং মেশিন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট কালো ধোঁয়া নদী পেরিয়ে দূরবর্তী ইপসউইচ ও ফেলিক্সস্টো এলাকা থেকেও স্পষ্ট দেখা যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয় এবং জরুরি সেবা নম্বরে শত শত কল আসতে থাকে। তবে ধোঁয়া সরাসরি ওপরের দিকে উঠে যাওয়ায় আশপাশের বাড়িঘর খালি করার প্রয়োজন পড়েনি।
ফায়ার স্টেশন ম্যানেজার হাওয়ার্ড মিডউড জানিয়েছেন, দীর্ঘ চেষ্টার পর সকাল সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় আশপাশের বাসিন্দাদের জন্য বড় কোনো ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে দিনভর ধোঁয়ার রেশ থাকতে পারে এবং বন্ধ থাকা সড়ক দ্রুত খুলে দেওয়ার চেষ্টা চলছে।
#যুক্তরাজ্য #অগ্নিকাণ্ড #এসেক্স #aknews #onebanglanews















