লন্ডনে পোস্টাল ভোটের জন্য পুনরায় আবেদন বাধ্যতামূলক শেষ সময় ৩১ জানুয়ারি

105

সাইফ হাসান: লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল পোস্টাল ভোটের নিয়মে বড় পরিবর্তন এনেছে এবং এখন থেকে প্রতি তিন বছর পর পর ভোটারদের পুনরায় আবেদন করতে হবে। যারা ২০২৪ সালের আগে অনুমতি পেয়েছিলেন তাদের আগামী ৩১ জানুয়ারি ২০২৬ সালের মধ্যে নতুন করে আবেদন নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে তাদের পোস্টাল ভোট বাতিল বলে গণ্য হবে। তখন ভোট দিতে হলে সরাসরি কেন্দ্রে গিয়ে পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে হবে।

নির্বাচনী আইন ২০২২ অনুযায়ী এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ইতিমধ্যে ইমেইল ও চিঠির মাধ্যমে ভোটারদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে। যারা ইমেইল ব্যবহার করেন না তাদের কাছে ডাকযোগে বিস্তারিত তথ্য পৌঁছে দেওয়া হয়েছে।

অনলাইনে আবেদন করাই এখন সবচেয়ে দ্রুত ও সহজ মাধ্যম। আবেদন করতে ভোটারদের জন্মতারিখ, ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর এবং সাদা কাগজে কালো কালিতে করা স্বাক্ষরের স্ক্যান কপি লাগবে। তবে যাদের ইন্টারনেট সুবিধা নেই তারা ইমেইল বা ফোনে যোগাযোগ করে কাগজের ফর্ম সংগ্রহ করতে পারবেন।

আগামী ৭ মে ২০২৬ সালে মেয়র ও স্থানীয় কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিচয় নিশ্চিত করতে ডিডব্লিউপি রেকর্ডের সাথে তথ্য মিলিয়ে দেখা হবে। তাই ঝামেলা এড়াতে ৩১ জানুয়ারি ২০২৬ এর মধ্যেই আবেদন প্রক্রিয়া শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।

#লন্ডন #পোস্টালভোট #টাওয়ারহ্যামলেটস #নির্বাচন #বাংলাসংবাদ