ব্রিটেনের অ্যাসাইলাম সিস্টেমে চরম অব্যবস্থাপনা ও বিপুল অর্থের অপচয়

203

সাইফ হাসান: যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম ব্যবস্থায় বড় ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে। সরকারি তদারকি সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে যে এখানে বিপুল পরিমাণ সরকারি অর্থের অপচয় হচ্ছে এবং ভুল পরিকল্পনার খেসারত দিতে হচ্ছে। বছরের পর বছর পার হলেও অর্ধেকের বেশি আবেদনকারীর মামলার কোনো সুরাহা হচ্ছে না। স্বল্পমেয়াদী পরিকল্পনার কারণে এই সংকট সমাধানের বদলে উল্টো আরও জটিল হচ্ছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল অডিট অফিস বা এনএও ২০২৩ সালের জানুয়ারি মাসে জমা পড়া পাঁচ হাজার অ্যাসাইলাম আবেদনের ওপর একটি সমীক্ষা চালিয়েছে। দীর্ঘ তিন বছর পার হয়ে গেলেও দেখা যাচ্ছে, ওই সময়ের ৫৬ শতাংশ বা ২ হাজার ৮১২ জন আবেদনকারী এখনও তাদের মামলার কোনো চূড়ান্ত ফলাফল পাননি। মাত্র ৩৫ শতাংশ মানুষকে আশ্রয় বা সুরক্ষা দেওয়া সম্ভব হয়েছে এবং ৯ শতাংশ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মামলাগুলোর দ্রুত সুরাহা না হওয়ায় আবেদনকারীদের হোটেলে বা সরকারি আবাসনে রাখতে গিয়ে ব্রিটেনের বিপুল অর্থ খরচ হচ্ছে। পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ অর্থবছরে শুধুমাত্র এই আবাসন খাতেই প্রায় ২.৭ বিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে। এনএও-এর প্রধান বিশ্লেষক রুথ কেলি জানিয়েছেন, আবেদন বাতিল হওয়ার পরেও অনেকে সিস্টেমের জটিলতায় আটকা পড়ে আছেন, কারণ তাদের ফেরত পাঠানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, সাবেক সরকারের আমলে তড়িঘড়ি করে জট কমানোর চেষ্টা করতে গিয়ে আদালতের ওপর চাপ বেড়েছে, যেখানে পর্যাপ্ত বিচারক নেই। রিফিউজি কাউন্সিলের প্রধান এনভার সলোমন এই পরিস্থিতিকে ‘শকিং’ বা মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তবে ব্রিটিশ হোম অফিস জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ প্রবেশ ঠেকাতে সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনছে।

#যুক্তরাজ্য #লন্ডন #প্রবাসী #অ্যাসাইলাম #ইউরোপ