ব্রিটেনে অবৈধ কাজের দায়ে ৬০ রাইডারকে ফেরত পাঠানো হচ্ছে

69

সাইফ হাসান: ব্রিটেনে অবৈধভাবে কাজ করার অভিযোগে ৬০ জন ডেলিভারি রাইডারকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নভেম্বর মাসে সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে মোট ১৭১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে অনেকেই বাংলাদেশি ও ভারতীয় নাগরিক যারা ফুড ডেলিভারি অ্যাপে অন্যের আইডি ব্যবহার করছিলেন। ব্রিটিশ সরকার জানিয়েছে এই অবৈধ কাজ ঠেকাতে তারা কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করছে।

বর্ডার সিকিউরিটি মন্ত্রী অ্যালেক্স নরিস কঠোর বার্তা দিয়ে বলেছেন, যারা এই দেশে অবৈধভাবে কাজ করবে তাদের গ্রেপ্তার করে বের করে দেওয়া হবে। ডেলিভারি কোম্পানিগুলোর সাথে বৈঠক করে তিনি পরিচয় নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। মূলত একটি অ্যাকাউন্ট যেন অন্য কেউ ব্যবহার করতে না পারে, সেজন্য ফেসিয়াল রিকগনিশন বা চেহারা যাচাই করার ব্যবস্থা করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুনির্দিষ্ট কিছু আটকের ঘটনা প্রকাশ করেছে। পূর্ব লন্ডনের নিউহ্যাম এলাকা থেকে চারজন বাংলাদেশি ও ভারতীয় রাইডারকে ধরা হয়েছে। এছাড়া সলিহাল থেকে দুইজন চীনা এবং নরউইচ থেকে তিনজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে সাতজনকে এখনই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

অনেক সময় অ্যাসাইলাম সিকার বা আশ্রয়প্রার্থীরা কাজ করার অনুমতি না থাকলেও অন্যের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে ডেলিভারি ম্যানের কাজ করেন। ডেলিভারু, জাস্ট ইট এবং উবার ইটস জানিয়েছে তারা এখন নিয়মিত রাইডারদের চেহারা যাচাই করছে। গত এক বছরে ব্রিটেনে অবৈধ কাজের দায়ে প্রায় আট হাজার মানুষকে আটক করা হয়েছে।

#UKNews #ImmigrationUpdate #DeliveryRiders #BangladeshiExpats #LondonNews