সাইফ হাসান: যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা রেকর্ড হারে বাড়ছে। গত বছরের তুলনায় এবার রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন এমন ভয়াবহ পরিস্থিতি আগে দেখা যায়নি। এর মধ্যে চিকিৎসকদের ধর্মঘট সংকট আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এনএইচএস ইংল্যান্ডের তথ্য অনুযায়ী গত সপ্তাহে গড়ে প্রতিদিন ১ হাজার ৭১৭ জন ফ্লু রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ৫৬ শতাংশ বেশি। এদের মধ্যে অন্তত ৬৯ জনের অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে।
অধ্যাপক জুলিয়ান রেডহেড জানিয়েছেন, এবারের শীতে ফ্লু এর সংক্রমণ নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। বছরের এই সময়ে এত বেশি রোগী আগে দেখা যায়নি এবং সংক্রমণ কমার কোনো লক্ষণও নেই। হাসপাতালগুলো আগে থেকেই প্রস্তুতি নিলেও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।
এর মধ্যেই আগামী ১৭ ডিসেম্বর থেকে পাঁচ দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন রেসিডেন্ট ডাক্তাররা। এনএইচএস প্রধান স্যার জিম ম্যাকি এই ধর্মঘটকে নিষ্ঠুর বলে আখ্যা দিয়েছেন। তিনি আশঙ্কা করছেন আগামী সপ্তাহে হাসপাতালে ফ্লু রোগীর সংখ্যা ৮ হাজারে পৌঁছাতে পারে।
অ্যাম্বুলেন্স সেবাতেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে, যেখানে ৩০ শতাংশ রোগীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন সরকার পরিস্থিতি মোকাবিলার সর্বোচ্চ চেষ্টা করছে। তবে ফ্লু আর ধর্মঘট মিলে স্বাস্থ্যসেবা খাত বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।
#যুক্তরাজ্য #এনএইচএস #স্বাস্থ্য_সংকট #লন্ডন #ফ্লু















