সাইফ হাসান: লন্ডনের টাওয়ার হ্যামলেটসে নকল পণ্য বিক্রির অভিযোগে স্থানীয় এক ব্যবসায়ী ও তার ব্যবস্থাপককে দোষী সাব্যস্ত করে ২ লাখ ১৬ হাজার পাউন্ডের বেশি জরিমানা করা হয়েছে। টাওয়ার হ্যামলেটস রেগুলেটরি সার্ভিসের ট্রেডিং স্ট্যান্ডার্ডস কর্মকর্তারা এই সফল বিচার সম্পন্ন করেছেন। সুন্দরবন কার্গো, ট্রাভেল এন্ড প্রিন্টিং নামের একটি দোকান এবং দুটি ইবে ব্যবসার মাধ্যমে তারা নকল কসমেটিকস ও পোশাকের মতো পণ্য বিক্রি করছিলেন। এটি জাল পণ্যের জন্য “প্রসিডস অফ ক্রাইম” আইন ব্যবহার করে কাউন্সিলের ইতিহাসে সবচেয়ে বড় অর্থ পুনরুদ্ধারের একটি ঘটনা, যা আইন লঙ্ঘনকারীদের জন্য কঠোর সতর্কবার্তা।
বেকটনের বার্লি এভিনিউয়ের বাসিন্দা আবু সুফিয়ান (৫০)-কে আদালত ২,০২,২৩১.৫৫ পাউন্ড এবং টাওয়ার হ্যামলেটসের নিউকোর্ট হাউজের বাসিন্দা মোহাম্মদ ফয়সল হাবিব (৪৫)-কে ১৪,১৪৮.৪৭ পাউন্ড জরিমানা করেছেন। স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টের মি. রেকর্ডার বার্নেট ১০ ও ১১ নভেম্বর ২০২৫ তারিখে এই আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, এই অর্থ প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট ২০০২ (পিটিসিএ) অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্তে জানা যায়, অভিযুক্তরা বো-এর ৩৯ বার্ডেট রোডে অবস্থিত সুন্দরবন কার্গো, ট্রাভেল এন্ড প্রিন্টিং দোকান থেকে নকল মোবাইল ফোনের আনুষাঙ্গিক বিক্রি করতেন। এছাড়াও, দুটি পৃথক ইবে ব্যবসার মাধ্যমে তারা জাল বায়ো-অয়েল কসমেটিক পণ্য এবং পুরুষদের পোশাক বিক্রি করতেন। ফেডারেশন এগেনস্ট কপিরাইট থেফট (এফএসিটি) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কাউন্সিল অভিযান চালালে দোকানের মেঝে এবং ডিসপ্লে কাউন্টার থেকে বিপুল পরিমাণ নকল সামগ্রী উদ্ধার হয়।
‘ট্রেড মেকার্স অ্যাক্ট ১৯৯৪’ অনুযায়ী কাউন্সিলের আইনি দল এই মামলাটি পরিচালনা করে। ৫ আগস্ট ২০২৪ সালে বিচার শুরু হয় এবং ১১ ডিসেম্বর ২০২৪ সালে আদালত মোহাম্মদ ফয়সল হাবিবকে ১৮ মাসের জন্য স্থগিতাদেশ সহ ছয় মাসের কারাদণ্ড এবং আবু সুফিয়ানকে দুই বছরের জন্য স্থগিতাদেশ সহ নয় মাসের কারাদণ্ড দেন। বাজেয়াপ্তের এই বিশাল অর্থ তিন মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে; ব্যর্থ হলে তাদের কারাদণ্ড ভোগ করতে হবে।
সেফার কমিউনিটিজের জন্য টাওয়ার হ্যামলেটসের ক্যাবিনেট মেম্বার, কাউন্সিলর আবু তালহা চৌধুরী এটিকে কাউন্সিলের ইতিহাসে জাল পণ্যের জন্য প্রসিডস অব ক্রাইম আইন ব্যবহার করে সবচেয়ে বড় অর্থ পুনরুদ্ধারের ঘটনা বলে উল্লেখ করেন। তিনি বলেন, হাবিব ও সুফিয়ান স্পষ্টতই আইন লঙ্ঘন করেছেন এবং তাদের এই বিশাল জরিমানা একটি কঠোর সতর্কবার্তা যে অবৈধ কার্যকলাপ রুখতে কাউন্সিল কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
#টাওয়ারহ্যামলেটস #নকলপণ্য #জরিমানা #আইনলঙ্ঘন #ট্রেডিংস্ট্যান্ডার্ডস















