২০২৫ বাজেট: মুদ্রাস্ফীতি ও শিশু সুবিধা সীমা বৃদ্ধিতে দারিদ্র্য আশঙ্কাজনক হারে বাড়ছে

200

সাইফ হাসান: মুদ্রাস্ফীতি এবং ‘টু-চাইল্ড বেনিফিট ক্যাপ’ নীতির কারণে ব্রিটেনে দারিদ্র্য আশঙ্কাজনক হারে বাড়ছে। ক্যান্ট কাউন্টির হার্ন বে এলাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম মেটাতে হিমশিম খাচ্ছেন বহু মানুষ। ফলস্বরূপ, ফুড ব্যাংকগুলোতে সাহায্যপ্রার্থীর সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়েছে, অথচ কমছে ডোনেশন বা অনুদান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন ফুড ব্যাংকগুলোকেই ওয়েলফেয়ার স্টেটের অপরিহার্য অংশ বলে মনে করা হচ্ছে।

ক্যান্টের হার্ন বে এলাকার এক মা, যার ১৩ বছরের নিচে চারটি সন্তান রয়েছে, তিনি তার পরিবারের অভাব মেটাতে না পারার দুঃখ বর্ণনা করতে গিয়ে বলেন, “আমি বহুবার বসে কেঁদেছি, মনে হয়েছে যেন আমি আমার সন্তানদের হতাশ করছি।” ভাড়াবাড়িতে থাকা এই পরিবারটি সরকারি সুবিধার ওপর নির্ভর করে চলে। তিনি জানান, তাদের খাবার বলতে শুধু পাস্তা, আর বড়দিনেও শিশুদের সামান্য উপহার দিতে গেলে খাবারের জন্য কম টাকা বরাদ্দ করতে হবে।

কাউন্টের ক্যানটারবেরি, হুইটস্ট্যাবল এবং হার্ন বে এলাকায় অবস্থিত এই ফুড ব্যাংকটি ২০১৯ সালে মাসে ৪৫০টি পার্সেল বিতরণ করত, যা বর্তমানে বেড়ে ১,১০০ থেকে ১,৪০০ পার্সেল ছাড়িয়ে গেছে। এটি যুক্তরাজ্যের শীর্ষ ৫% ফুড ব্যাংকের মধ্যে অন্যতম। যদিও স্থানীয়ভাবে অনুদান বাড়ছে, তবুও চাহিদা বছরে ১৫% হারে বৃদ্ধি পাওয়ায় তাদের মাসকাবারি খাবারের বিল এখন ১০,০০০ পাউন্ডে দাঁড়িয়েছে, যা গত বছর ছিল ৭,০০০ পাউন্ড।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, অক্টোবরে সামগ্রিক মুদ্রাস্ফীতি কিছুটা কমে ৩.৬% হলেও, খাদ্য ও পানীয়ের দামের বার্ষিক বৃদ্ধির হার আগের মাসের ৪.৫% থেকে বেড়ে ৪.৯% হয়েছে। ফুড ব্যাংকটির অর্থ প্রধান স্টুয়ার্ট জেনিকি জানান, তাদের শপিং বাস্কেটের দাম দেড় বছরে প্রায় ১১% বেড়েছে। তিনি মনে করেন, এই মুহূর্তে ‘টু-চাইল্ড বেনিফিট ক্যাপ’ নীতি বাতিল করা হলে অন্তত ৩ লাখ ৫০ হাজার শিশু দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারে।

তবে ফুড ব্যাংকটি সবচেয়ে বেশি চাপ অনুভব করছে আর্থিক দিক থেকে। জেনিকি বলেন, “গত দুই বছরে জনসাধারণের আর্থিক অনুদান প্রায় ৮০ হাজার পাউন্ডের বেশি কমে গেছে এবং অনুদান পাওয়াও কঠিন হয়ে পড়েছে।” তিনি আরও যোগ করেন, “এখন এটি আর কোনো জরুরি সং*কট নয়, বরং এটিই নতুন স্বাভাবিক পরিস্থিতিতে পরিণত হয়েছে।”

#ইউকেবাজেট২০২৫ #মুদ্রাস্ফীতি #দারিদ্র্যবৃদ্ধি #ফুডব্যাংক #ক্যান্টকাউন্টি