কঠোর হচ্ছে মার্কিন অভিবাসন আইন

1270

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গি সংগঠন আইএস এর অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে নিউ ইয়র্কে বাংলাদেশি যুবকের হামলার পর মার্কিন কংগ্রেসকে অভিবাসী আইনে কঠোরতা আরোপের পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টার দিকে নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি বাস স্টেশনে ওই হামলা চালায় বাংলাদেশি নাগরিক আকায়েদ উল্লাহ। হামলায় আহত হন অন্তত চার জন।

পুলিশ জানায়, ২৭ বছর বয়সী আকায়েদ উল্লাহ’র শরীরে বাঁধা ছিল একটি পাইপ বোমা। সোমবার পোর্ট অথরিটির দুটি সাবওয়ে প্ল্যাটফর্মের মাঝে দুর্বল ভাবে বিস্ফোরিত হয় সেটি।

ট্রাম্প বলেন, ‘নিউ ইয়র্ক শহরে বড় ধরণের হামলার পরিকল্পনা ছিল তার। গত দু’মাসে নিউইয়র্ক শহরে দ্বিতীয় হামলার ঘটনা এটি। এই হামলা প্রমাণ করে, মার্কিন জনগণের সুরক্ষায় কংগ্রেসের দ্রুত নতুন আইন প্রণয়নের প্রয়োজন।’

উল্লেখ্য, সাত বছর আগে ফ্যামিলি ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়েছিল আকায়েদ।

ট্রাম্প আরও বলেন, দ্রুততম সময়ে মধ্যে আমেরিকার অভিবাসন প্রক্রিয়ার শৈথিল্য সংশোধন করা প্রয়োজন। আইনি শিথিলতার কারণেই অপর্যাপ্তভাবে যাচাই করা লোকজন আমাদের দেশে ঢুকে পড়ছে। বর্ধিত-পারিবারিক চেইন ভিসার মাধ্যমে সন্দেহভাজন সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রে ঢোকার সুযোগ পাচ্ছে। যা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে বেমানান।’

ট্রাম্প চাইছেন ‘এক্সটেনডেড-ফ্যামিলি চেইন মাইগ্রেশন’ ভিসা বন্ধ করতে। মূলতঃ এই ভিসার মাধ্যমে কোনো পরিবার তাদের আত্মীয়কে যুক্তরাষ্ট্রে যাওয়ার স্পন্সর হতে পারে।

অভিবাসন ব্যবস্থাকে নিরাপদ করতে ইতোমধ্যে বিশ্বের আটটি দেশের নির্দিষ্ট নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

দেশ ও জনগণের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে আরও সুরক্ষিত করার প্রত্যয় ব্যক্ত করেন ট্রাম্প।

পাশাপাশি, সন্ত্রাসী ঘটনায় অভিযুক্তদের মার্কিন আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলেও মনে করেন তিনি। তার ভাষায়, প্রয়োজনে তাদের মৃত্যুদণ্ড হওয়া প্রয়োজন।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেন, ‘আমাদের অবশ্যই দেশের সীমান্তগুলো সুরক্ষিত রাখা প্রয়োজন। যুক্তরাষ্ট্রে আসা প্রত্যেক অভিবাসী সম্পর্কে আমাদের নিশ্চিত হওয়া প্রয়োজন যে, তারা আমাদের ক্ষতি করতে আসছেন না এবং আমাদের অবশ্যই একটি মেধা-ভিত্তিক অভিবাসন প্রক্রিয়ার দিকে যাওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘আইএস এর বিরুদ্ধে আমাদের যৌথ অভিযানে সাফল্যের জেরেই এসব হামলা চালানো হচ্ছে। আইএস নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আরও জোরদার অভিযানের প্রয়োজন রয়েছে এবং আইএস কে রুখতে প্রেসিডেন্ট ট্রাম্প বদ্ধপরিকর।’

আইএস এর ‘বিধ্বংসী মূলনীতি’ কে ধ্বংসের পরিকল্পনার কথাও জানান তিনি।

যেভাবে যুক্তরাষ্ট্রে গিয়েছিল আকায়েদ:

পারিবারিক আত্মীয় মার্কিন নাগরিকের বদৌলতে এফ৪৩ ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় আকায়েদ।

মার্কিন অভিবাসন প্রক্রিয়ায় নাগরিকরা নির্দিষ্ট কিছু আত্মীয়, যেমন- স্বামী/স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই-বোন এবং তাদের স্বামী/স্ত্রী-সন্তানের জন্য ভিসার আবেদন করতে পারেন। বিভিন্ন উপায়ে কার্যকর হয়ে থাকে এসব ভিসা। যেমন- কোনো মার্কিন নাগরিকের ভাই-বোনের জন্য কার্যকর হয় এফ৪ ভিসা এবং তাদের সন্তানের জন্য এফ৪৩ ভিসা।