ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়াকে মনোনয়ন বঞ্চিত করার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা আখাউড়া)র অত্যন্ত জনপ্রিয় প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া ধানের শীষের শক্তিশালী প্রার্থী। তার বিকল্প কোন প্রার্থী উক্ত আসনে ছিল না। কোন এক অজানা কারণে হঠাৎ করেই এলাকায় ১৭ বছর ধরে অনুপস্থিত একজনকে প্রাথমিক নোমিনেশনের জন্য মনোনীত করা হয়।
এর প্রতিবাদ জানাতে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার সমর্থনে মিছিলটি শনিবার বিকেলে আখাউড়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আখতার খানসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া কসবা ও আখাউড়া উপজেলার প্রতিটি নেতা-কর্মীর পাশে থেকে নিরলসভাবে দলের জন্য কাজ করেছেন। অথচ তাঁকে অযৌক্তিকভাবে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে, যা তৃণমূলের কর্মীদের গভীরভাবে হতাশ করেছে।
বক্তারা অভিযোগ করেন, দলের এক অদৃশ্য মহলের প্রভাবে ৯০ বছরের বেশি বয়সী, দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত ও অসুস্থ এক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে—যা দলের সক্রিয় কর্মীদের প্রতি অন্যায় ও তৃণমূলের প্রত্যাশার পরিপন্থী।
নেতারা অনতিবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে জনপ্রিয়, ত্যাগী ও মাঠপর্যায়ে গ্রহণযোগ্য নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়াকে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় বিএনপি নেতৃত্বের প্রতি জোর আহ্বান জানান। অন্যথায় আখাউড়া ও কসবা উপজেলার নেতা-কর্মীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে তারা হুশিয়ারি দেন।















