সাইফ হাসান: এক যৌ*ন অ*পরাধীকে ভুলবশত জেল থেকে ছেড়ে দেওয়ার পর যুক্তরাজ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। হাদুশ কেবাতু নামের ওই ব্যক্তিকে পুনরায় গ্রেপ্তার করে নিজ দেশ ইথিওপিয়ায় ফেরত পাঠানো হয়েছে। তবে দেশছাড়া করার প্রক্রিয়া ব্যাহত করার হু*মকি দেওয়ায় তাকে ৫০০ পাউন্ড দিতে হয়েছে। সরকার বলছে, এটি আরও বড় খরচ এড়ানোর জন্য করা হয়েছে।
হাদুশ কেবাতুকে এসেক্সের এপিং-এ এক ১৪ বছরের কিশোরী এবং একজন নারীকে যৌন হয়রানির দায়ে জেল দেওয়া হয়েছিল। শুক্রবার তাকে চেলমসফোর্ড কারাগার থেকে ভুলবশত মুক্তি দেওয়া হয়। দুই দিন পর উত্তর লন্ডন থেকে তাকে আবার গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার রাতে একটি ফ্লাইটে ইথিওপিয়ায় পাঠিয়ে দেওয়া হয়।
কেবাতু তার নির্বাসন ফ্লাইটটি ব্যাহত করার হুমকি দিয়েছিল বলে জানা গেছে। এই পরিস্থিতিতে অপসারণ টিমের সদস্যরা তাকে ৫০০ পাউন্ড দেয়। প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, এই অর্থ প্রদানের মাধ্যমে একটি ধীর এবং ব্যয়বহুল প্রক্রিয়া এড়ানো সম্ভব হয়েছে, যা করদাতাদের আরও বেশি অর্থ সাশ্রয় করেছে। ফ্লাইট বাতিল হলে পুনরায় বুকিং এবং আইনি পদক্ষেপে হাজার হাজার পাউন্ড খরচ হতো।
এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কনজারভেটিভ নেত্রী কেমি ব্যাডেনচ এই অর্থ প্রদানকে “করদাতাদের অর্থের আপত্তিকর অপচয়” এবং “পকেট মানি” বলে অভিহিত করেছেন। লিবারেল ডেমোক্র্যাট এবং রিফর্ম ইউকেও এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেছে, এটি জনগণের আস্থাকে নষ্ট করেছে।
স্বরাষ্ট্রসচিব শাবানা মাহমুদ এই ঘটনাকে “ভুল” বলে স্বীকার করেছেন এবং নিশ্চিত করেছেন যে অপরাধীকে ব্রিটিশ মাটি থেকে বিতাড়িত করা হয়েছে। ইথিওপিয়ান পুলিশ জানিয়েছে, কেবাতুকে আদ্দিস আবাবায় পৌঁছানোর পর ছেড়ে দেওয়া হয়েছে, কারণ তাকে সেখানে আটকে রাখার কোনো আইনি ভিত্তি ছিল না।
#যুক্তরাজ্য #নির্বাসন #অপরাধ #বিতর্ক #অভিবাসী















