বন্ধুর ছেলের জীবন বাঁচানো সংস্থার জন্য এক হাজার মাইল দৌড়াবেন মার্ক

92

সাইফ হাসান: বন্ধুর ছেলের জীবন রক্ষাকারী দাতব্য সংস্থার জন্য এক মহৎ উদ্যোগ নিয়েছেন ব্রিটিশ নাগরিক মার্ক ম্যাকফারলেন। তিনি এক হাজার মাইল দৌড় ও হাঁটার মাধ্যমে তহবিল সংগ্রহ করছেন ‘এয়ার অ্যাম্বুলেন্স চ্যারিটি কেন্ট সারি সাসেক্স’-এর জন্য। গত বছর বাস দুর্ঘটনায় আহত ছেলেটিকে এই সংস্থার হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়েছিল। ম্যাকফারলেনের লক্ষ্য অক্টোবর শেষের আগে মাইলফলক ছোঁয়া।

৪৭ বছর বয়সী মার্ক ম্যাকফারলেন গত সেপ্টেম্বরেই ৫০০ মাইল সম্পন্ন করেছেন। তিনি আশা করছেন, অক্টোবরের শেষ নাগাদ এক হাজার মাইল অতিক্রম করবেন। এর মধ্যে ১৩টি হাফ ম্যারাথনও অন্তর্ভুক্ত করেছেন তিনি, যা তার জন্য একটি বাড়তি চ্যালেঞ্জ।

গত বছর কেন্টের স্যান্ডগেটে বাসের ধাক্কায় গুরুতর আহত হন তার এক বন্ধুর ছেলে। এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে নেওয়ার ফলে বেঁচে যায় তার প্রাণ। ম্যাকফারলেন বলেন, “সৌভাগ্যক্রমে সে এখন পুরোপুরি সুস্থ হয়েছে এবং আমার সঙ্গে এই যাত্রার কিছু অংশ হাঁটবেও। এই সংস্থা না থাকলে হয়তো সে আজ বেঁচে থাকত না।”

সেনাবাহিনীর সাবেক সদস্য ম্যাকফারলেন প্রথমে এটি ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে শুরু করেছিলেন। পরে ভাবেন, এই উদ্যোগে অর্থ সংগ্রহ করেও একটি মহৎ কাজ করা যাবে। তার লক্ষ্য ১,৫০০ পাউন্ড তহবিল সংগ্রহ করে সংস্থাটিকে দান করা।

তিনি বলেন, “এই সংস্থা মানুষের জীবন বাঁচায়, কিন্তু আমাদের দানের ওপরই তাদের কার্যক্রম টিকে আছে। তাই সবাইকে তহবিল সংগ্রহে অংশ নেওয়া জরুরি।” পথে অনেক মানুষের সঙ্গে তার দেখা হচ্ছে। হাসিমুখে তিনি যোগ করেন, “বৃষ্টি হলে মানুষ কম থাকে, কিন্তু শরীর এখন অভ্যস্ত হয়ে গেছে—এখন এই পথটা অনেক সহজ মনে হয়।”