সাইফ হাসান: ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে ঝড়ো হাওয়ায় শনিবার ব্যাপক ভ্রমণ বিপর্যয় দেখা দিয়েছে। গ্যাটউইক বিমানবন্দর থেকে আসা–যাওয়া ১৫৩টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। আবহাওয়া দপ্তর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইয়েলো উইন্ড সতর্কতা জারি করে। ঝড়ো হাওয়ায় ফেরি, ট্রেন ও সড়ক যোগাযোগেও বিপত্তি ঘটেছে। সাসেক্স ও সারেতে নানা অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়্যার জানায়, দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত গ্যাটউইক বিমানবন্দরে ১৫৩টি ফ্লাইট বিলম্বের শিকার হয়। পাশাপাশি ঝড়ো হাওয়ায় ডোভার থেকে ফ্রান্সের ডানকার্কগামী বেশ কিছু ফেরি সার্ভিসও বাতিল করা হয়েছে।
শনিবার সকালে ইস্ট সাসেক্সের রাই থেকে কেন্টের অ্যাশফোর্ড ইন্টারন্যাশনাল স্টেশনের মধ্যে একটি গাছ পড়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে দুই ঘণ্টা পর গাছ সরিয়ে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়। এদিকে সারির আর্লসউড স্টেশনে রাতের বৃষ্টিতে প্লাবন দেখা দেওয়ায় সকাল সাড়ে আটটা পর্যন্ত সেখানেও ট্রেন বন্ধ থাকে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘণ্টায় ৫০ মাইল পর্যন্ত বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা বিদ্যুৎ বিভ্রাটসহ সড়ক, আকাশ, রেল ও নৌ যোগাযোগে আরও সমস্যা তৈরি করতে পারে। ব্রাইটনসহ সাসেক্সের বিভিন্ন স্থানে উঁচু ঢেউ ও সমুদ্র তীরবর্তী এলাকায় বিপদজনক পরিস্থিতি তৈরি হয়েছে।
ঝড়ের কারণে রয়্যাল হর্টিকালচারাল সোসাইটি গার্ডেন উইসলি দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একইভাবে নিউহেভেনে ন্যাশনাল কোস্টওয়াচ ইনস্টিটিউশনের উন্মুক্ত দিবসও বাতিল করা হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ো হাওয়ার সতর্কতার সময় মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং ভ্রমণ পরিকল্পনায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।















