সাসেক্সে নতুন এনএইচএস পরিকল্পনা, রোগীদের কাজে টিকে থাকতে সহায়তা করবে

194

সাইফ হাসান: ইংল্যান্ডের সাসেক্সে স্বাস্থ্য সমস্যায় ভোগা মানুষকে কাজে টিকে থাকতে সহায়তার জন্য নতুন কর্মসূচি চালু হচ্ছে। ‘ওয়ার্কওয়েল’ নামের এই উদ্যোগ মানসিক স্বাস্থ্য ও হাড়–জোড়ের সমস্যার ওপর বেশি গুরুত্ব দেবে। এগুলো দীর্ঘমেয়াদি অসুস্থতা ও বেকারত্বের বড় কারণ হিসেবে চিহ্নিত। প্রকল্পটি দ্রুত সহায়তা এবং স্বাস্থ্য ও কর্মসংস্থান সেবার মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে।

এনএইচএস সাসেক্স ও হেলথ ইনোভেশন কেন্ট সারে সাসেক্স যৌথভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করছে। প্রাথমিকভাবে এটি ইস্ট ব্রাইটন, ক্রলি ও হেস্টিংসে চালু হবে, যেখানে স্বাস্থ্য সমস্যাজনিত বেকারত্বের হার বেশি। হেস্টিংস অ্যান্ড সেন্ট লিওনার্ডস প্রাইমারি কেয়ার নেটওয়ার্কের ক্লিনিকাল ডিরেক্টর ড. ডেভিড ফক্স বলেন, জিপিরা মানুষকে কাজে টিকে থাকতে সহায়তা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ প্রকল্প সরকারের “গেট ব্রিটেন ওয়ার্কিং” কর্মসূচি এবং এনএইচএস-এর ১০ বছর মেয়াদি স্বাস্থ্য পরিকল্পনার অংশ। কর্মকর্তারা জানিয়েছেন, এর মাধ্যমে প্রাথমিক সেবা সম্প্রদায়ের কাছাকাছি পৌঁছে দেওয়া হবে এবং প্রতিরোধমূলক যত্নে জোর দেওয়া হবে।

রোলআউটের আগে হেস্টিংস, ইস্ট ব্রাইটন ও ক্রলিতে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সেখানে স্থানীয় বাসিন্দা, স্বাস্থ্যকর্মী ও কর্মসংস্থান সহায়তাকারীদের সঙ্গে ৮০টিরও বেশি সাক্ষাৎকার নেওয়া হয়। প্রতিবেদনে দেখা যায়, দীর্ঘ প্রতীক্ষা, প্রযুক্তিগত জটিলতা, অস্পষ্ট রেফারেল প্রক্রিয়া ও কর্মদাতাদের সীমিত সহায়তার কারণে অনেকেই সঠিক সহায়তা পাচ্ছেন না।

ড. বন্দনা ভার্মা, ডিনস অ্যান্ড সেন্ট্রাল ব্রাইটন পিসিএন-এর ক্লিনিকাল ডিরেক্টর বলেন, অর্থনৈতিক দিক ছাড়াও ভালো কাজ মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখে, আত্মবিশ্বাস ফেরায় এবং মানুষকে সমাজের সঙ্গে সম্পৃক্ত রাখে। এজন্যই এই নতুন উদ্যোগকে তিনি অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করেন।