রেস্তোরাঁয় প্রতিবন্ধী শিশুদের খাওয়াতে বাধা, পরিবারের ক্ষোভ

67

সাইফ হাসান: লন্ডনের একটি প্রিমিয়ার ইন রেস্তোরাঁয় প্রতিবন্ধী শিশুদের খাওয়াতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ এক পরিবার। ট্রুরোর কেট সিকোলো তার সঙ্গী এমা ও দুই শিশুকে নিয়ে রেস্তোরাঁয় গিয়েছিলেন। শিশুদের প্রতিবন্ধকতার কারণে বাড়িতে তৈরি খাবার নিয়ে গেলেও কর্মীরা বাইরের খাবার নিষিদ্ধ বলে তাদের খাওয়াততে দেয়নি। হুইটব্রেড কোম্পানি ক্ষমা চেয়ে বলেছে, প্রতিবন্ধী শিশুদের জন্য ব্যতিক্রম করা উচিত ছিল।

কেট সিকোলো জানান, তার মেয়ে টিউবের মাধ্যমে তরল খাবার খায় এবং ছেলে ডাউন সিনড্রোমের কারণে মিহি খাবার খায়। রেস্তোরাঁর কর্মীরা তাদের জানান, বাইরের খাবার আনা নিষিদ্ধ, তাই শিশুদের খাওয়ানো যাবে না। এ কারণে তারা রেস্তোরাঁ ছেড়ে চলে যেতে বাধ্য হন।

কেট বলেন, এই নীতি শুধু তার শিশুদের নয়, হাজার হাজার টিউব-ফিড মানুষের অধিকার লঙ্ঘন করে। তিনি কোম্পানির দেওয়া ১৫০ পাউন্ডের ভাউচার প্রত্যাখ্যান করেন, কারণ তার পরিবার একসঙ্গে সেখানে খেতে পারে না। তিনি বলেন, আমরা ক্ষতিপূরণ চাই না, নীতি পরিবর্তন চাই।

হুইটব্রেড বলেছে, তারা অন্তর্ভুক্তি গুরুত্ব দেয় এবং এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে। তারা জানায়, অ্যালার্জির কারণে বাইরের খাবার নিষিদ্ধ, তবে প্রতিবন্ধী অতিথিদের জন্য ব্যতিক্রম করা উচিত ছিল। তারা প্রক্রিয়া সংশোধন করে এমন পরিস্থিতিতে ব্যতিক্রম নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

২০২৫ সালের ২ অক্টোবর লন্ডনের প্যাডিংটনের এই ঘটনায় কেটের পরিবার ক্ষুব্ধ। কেট বলেন, এটি একটি অপমানজনক অভিজ্ঞতা ছিল। হুইটব্রেড এখন তাদের কর্মীদের প্রশিক্ষণ জোরদার করার পরিকল্পনা করছে।