সুনামগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা: শ্রমিকলীগ নেতা আটক

671

সিলেট সংবাদদাতা: সুনামগঞ্জ পৌর এলাকায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শ্রমিক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে নবীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মলয় চন্দ (৩৫) জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানিয়েছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হোসেন আহমদ রাসেল।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার রাতে পৌর এলাকার নবীনগরে ধর্মীয় কীর্তন চলছিল। ওই এলাকার একটি পরিবারের সবাই ঘর খালি রেখে কীর্তনে যায়। পরে মলয় এক শিশুকে (৯) কীর্তন থেকে ডেকে খালি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

তিনি আরো বলেন, শিশুর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে মলয়কে আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় শিশুর মা থানায় মামলা করেছেন। শিশুটি পুলিশের হেফাজতে রয়েছে।