সাইফ হাসান: ইংল্যান্ডের এসেক্সে আশ্রয়প্রার্থীদের হোটেল ঘিরে বিক্ষোভ ও সহিংসতায় অভিযুক্ত সাতজনকে আগামী ২০২৬ সালে আদালতে বিচার মুখোমুখি হতে হবে। এপিংয়ের বেল হোটেলে গত জুলাইয়ে বিক্ষোভ চলাকালে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে। অভিযুক্তরা আদালতে সব অভিযোগ অস্বীকার করেছেন।
চেল্মসফোর্ড ক্রাউন কোর্টের বিচারক জানান, প্রথম ধাপে তিনজনের বিচার শুরু হবে আগামী ২৩ মার্চ। পরবর্তী চারজনের শুনানি হবে ১ জুন থেকে। উভয় বিচার প্রায় দুই সপ্তাহ ধরে চলবে বলে জানিয়েছেন প্রসিকিউটর স্যাম উইলিস।
প্রথম দফায় আদালতে উঠবেন ৫২ বছর বয়সী ফিলিপ কারসন, ৩৭ বছর বয়সী শন থম্পসন, এবং ৪৩ বছর বয়সী লি গোয়ার। তাঁদের মধ্যে থম্পসনের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুর এবং গোয়ারের বিরুদ্ধে জরুরি কর্মীকে আক্রমণের অভিযোগ রয়েছে।
দ্বিতীয় ধাপে বিচারের মুখোমুখি হবেন ৪৭ বছর বয়সী জোনাথন গ্লোভার, ২৮ বছর বয়সী অ্যারন এলস, ৩৩ বছর বয়সী কিথ সিল্ক এবং ২৩ বছর বয়সী চার্লি ল্যান্ড। তাঁদের মধ্যে সিল্ক ও ল্যান্ডের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ রয়েছে। এলস ও গোয়ারকে হেফাজতে রাখা হলেও বাকিদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
গত ১৭ জুলাইয়ের ওই বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণ থাকলেও পরে পুলিশের ওপর ডিম ও আতশবাজি নিক্ষেপ করা হয়। অন্তত আটজন পুলিশ কর্মকর্তা আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে এসেক্স পুলিশ।
ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের রেবেকা মুন্ডি বলেন, এ মামলাগুলো নিয়ে অযথা জল্পনা না করার আহ্বান জানাচ্ছি। অভিযুক্তদের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। আদালত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁদের বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা উচিত নয়।














