সাইফ হাসান: যুক্তরাজ্যে প্রতিবন্ধীদের সহায়তাকারী একটি চ্যারিটি বন্ধ হয়ে গেছে কর্মীর অর্থ আত্মসাতের কারণে। গেটসহেড অ্যাক্সেস প্যানেল নামের সংস্থায় কর্মরত স্টিভেন হিউজ একাধিকবার জুয়া খেলায় আসক্ত হয়ে চ্যারিটির তহবিল থেকে টাকা তুলে নেন। প্রথমবার ৩২ হাজার পাউন্ড ফেরত দিয়ে চাকরি বজায় রাখলেও, কয়েক মাস পরই আবারও বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করেন তিনি। আদালতে তাঁর বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হয়েছে।
৪০ বছর বয়সী হিউজ ২০১১ সালে এই সংস্থায় যোগ দেন এবং হিসাব ও বেতন ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। ২০১৬ সালে তাঁর চুরির ঘটনা ধরা পড়লে বাবা-মায়ের সহায়তায় টাকা ফেরত দিয়ে চাকরিতে টিকে যান। কিন্তু ২০১৭ সাল থেকে আবারও একই কাণ্ড ঘটান। শুরুতে ব্যাংক ত্রুটির অজুহাত দিলেও পরে স্বীকার করেন যে আসলে টাকাগুলো জুয়ায় খরচ করেছেন।
অভিযোগে বলা হয়, তিনি সংস্থার অ্যাকাউন্টকে নিজের পেপ্যালের সঙ্গে যুক্ত করে নিয়মিত অর্থ আত্মসাৎ করতেন। অবশেষে সহকর্মীর নজরে আসায় নিজেই পুলিশের কাছে গিয়ে সব স্বীকার করেন। এভাবে মোট ১ লাখ ২০ হাজার পাউন্ডেরও বেশি চুরি করেন তিনি, যার মধ্যে ফেরত দিয়েছেন প্রায় ৪২ হাজার।
এই অর্থ কেলেঙ্কারির কারণে প্রতিবন্ধী ও তাঁদের সেবাদানকারীরা আর্থিক চাপে পড়েন। এমনকি হিউজের এক ঘনিষ্ঠ বন্ধুও বড় অঙ্কের দেনায় জড়িয়ে পড়েন। ২০১৮ সালে চ্যারিটিটি বন্ধ হয়ে যায়, যা প্রতিষ্ঠানটির কর্মী ও উপকারভোগীদের জন্য ছিল ভয়াবহ ধাক্কা।
নিউক্যাসল ক্রাউন কোর্টে হিউজ দোষ স্বীকার করেন। বিচারক রবার্ট অ্যাডামস বলেন, সংস্থার তাঁকে চাকরিতে রাখার সিদ্ধান্ত ছিল অবাক করার মতো, আর তাঁর কর্মকাণ্ড একেবারেই ভয়াবহ। আদালত তাঁকে ১৮ মাসের কারাদণ্ড দিলেও তা স্থগিত রাখে এক বছরের জন্য। এছাড়া তাঁকে ১৫০ ঘণ্টা অবৈতনিক কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে ফেরতযোগ্য অর্থ নির্ধারণে আরেকটি শুনানি হবে।















