সাইফ হাসান: ইংল্যান্ডের ডেভনের সাবেক পুলিশ কর্মকর্তা কেভিন ডেভিসকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি ২০ বছর বয়সী এক তরুণীকে সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার বিরক্ত করেন। এমনকি জিমে গিয়ে সরাসরি যোগাযোগের চেষ্টা করেন। আদালত জানিয়েছে, এ ঘটনায় ভুক্তভোগী নিজেকে ভীষণ অসুরক্ষিত মনে করেছিলেন। ডেভিস পুলিশ ডেটাবেসও ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলেন।
এক্সেটার ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার তার সাজা ঘোষণা হয়। আদালতে শোনা যায়, ৪১ বছর বয়সী ডেভিস তরুণীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অন্তত ১০০ বার দেখেছেন। এ ধরনের আচরণ ভুক্তভোগীর মানসিক নিরাপত্তায় বড় ধাক্কা দেয়।
আদালতের জেলা বিচারক স্টুয়ার্ট স্মিথ বলেন, এ অপরাধ খুবই গুরুতর এবং এতে পুলিশের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে, জেল ছাড়া অন্য কোনো শাস্তি দিলে জনগণের আস্থায় নেতিবাচক প্রভাব পড়ত।
ডেভন ও কর্নওয়াল পুলিশের পেশাগত মান বিভাগ জানায়, অভিযোগ পাওয়ার পর চলতি বছরের জুনে ডেভিসকে সাময়িক বরখাস্ত করা হয়। বিভাগের কর্মকর্তা ভিকি লেওয়ানডোস্কি বলেন, এ ধরনের তদন্ত সহজ নয়, তবে ভুক্তভোগীর সাহসিকতার কারণে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, প্রত্যেক পুলিশ সদস্যের কাছ থেকে উচ্চমানের আচরণ প্রত্যাশা করা হয়। কিন্তু ডেভিস তা সম্পূর্ণ উপেক্ষা করেছেন এবং এ জন্য তাকে জবাবদিহি করতে হয়েছে।















