ডিএনসিসিতে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল

1117

ঢাকা সংবাদদাতা: দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বৈঠকে আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ ও দলের প্রার্থী হিসেবে তাবিথ এম আউয়ালকে নিয়ে আলোচনা করা হয়েছে।

রোববার রাত ৯টা ১০ মিনিটে চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে সাড়ে দশটা পর্যন্ত চলে।

এছাড়া রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করতে শীর্ষ নেতাদের একটি টিম সেখানে গিয়ে প্রচার অভিযানে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার মামলা, দলের সাংগঠনিক অবস্থা, সম্প্রতি দেয়া আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর বক্তব্য পর্যবেক্ষণ, জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।