সাইফ হাসান: গর্ভনিরোধক পিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে টিকটকসহ নানা সোশ্যাল মিডিয়া। গবেষকরা বলছেন, এতে অনেক নারী পিল ছেড়ে দিচ্ছেন। ভুয়া খবর থেকে তৈরি হচ্ছে মানসিক পার্শ্বপ্রতিক্রিয়া, যাকে বলা হয় ‘নোসেবো ইফেক্ট’। ইংল্যান্ডে পিল ব্যবহারকারীর হার দ্রুত কমছে। এতে গর্ভপাতের সংখ্যাও বেড়ে গেছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের একদল মনোবিজ্ঞানী সম্প্রতি গবেষণায় দেখিয়েছেন, সামাজিক মাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য অনেক নারীর মনে ভয় সৃষ্টি করছে। ফলে তারা শুরু থেকেই ধরে নিচ্ছেন পিল ক্ষতিকর, যা পরে মানসিক পার্শ্বপ্রতিক্রিয়ায় রূপ নিচ্ছে। এ অবস্থাকে বলা হচ্ছে নোসেবো ইফেক্ট, যা বিষণ্নতা, উদ্বেগ ও ক্লান্তির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।
সরকারি হিসেবে, এনএইচএস যৌনস্বাস্থ্য সেবা নেওয়া নারীদের মধ্যে ২০২০-২১ সালে যেখানে ৩৯ শতাংশ পিল ব্যবহার করতেন, ২০২৩-২৪ সালে তা কমে দাঁড়িয়েছে ২৮ শতাংশে। দুই বছরের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ নারী পিল ব্যবহার বন্ধ করে দেন। এর ফলে শুধু ২০২২ সালেই ইংল্যান্ড ও ওয়েলসে গর্ভপাতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ৩৭৭, যা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি।
গবেষণায় আরও উঠে এসেছে, অনেক নারী মনে করেন ওষুধ বেশি ব্যবহার হয় এবং এগুলো ক্ষতিকর। আবার অনেকের বিশ্বাস, তারা ওষুধের প্রতি অতিরিক্ত সংবেদনশীল। এই মানসিক অবস্থাই তাদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করছে। গবেষক রেবেকা ওয়েবস্টার বলেন, যদিও এসব প্রতিক্রিয়া মানসিকভাবে তৈরি হয়, নারীদের কাছে এগুলো একেবারেই বাস্তব মনে হয় এবং তা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে।
যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনলাইনে প্রচলিত ভ্রান্ত ধারণার কারণে তরুণীরা বেশি প্রভাবিত হচ্ছেন। কেউ কেউ ভাবছেন পিল খেলে ওজন বেড়ে যায়, দীর্ঘমেয়াদে প্রজননক্ষমতা নষ্ট হয় বা এমনকি প্রেমের পছন্দও বদলে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ভুল ধারণা কাটাতে নারীদের সামনে সৎ ও খোলামেলা আলোচনার প্রয়োজন রয়েছে।















