লেবার এমপি শ্যারন হজসনের কার্যালয়ে অগ্নিকাণ্ড, দায় স্বীকার এক যুবকের

42

সাইফ হাসান: ব্রিটেনে লেবার এমপি শ্যারন হজসনের কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আদালতে দায় স্বীকার করেছেন ২৮ বছর বয়সী জোশুয়া অলিভার। তিনি ওয়াশিংটনের একটি ভবনে আগুন লাগান, যা পরে কার্যালয় ও দাতব্য প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ পাউন্ড পর্যন্ত হতে পারে। এখন তাকে নিউক্যাসল ক্রাউন কোর্টে হাজির করা হবে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে, ওয়াশিংটন ও গেটসহেড সাউথ আসনের এমপি শ্যারন হজসনের কার্যালয়ে। একই ভবনে বিরল জেনেটিক রোগে আক্রান্তদের জন্য দাতব্য প্রতিষ্ঠান এনপিইউকে (NPUK) এবং সাবেক সেনাদের মানসিক স্বাস্থ্যসেবা দপ্তরও ছিল। আগুনে পুরো ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আদালতে শোনা যায়, গৃহহীন অলিভার কাছাকাছি একটি তাঁবুতে থাকছিলেন। তিনি স্বীকার করেছেন যে একটি হুইলি বিনে আগুন লাগিয়েছিলেন, যা পরে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। তবে তার আইনজীবী দাবি করেছেন, ভবনে আগুন লাগানোর উদ্দেশ্য তার ছিল না।

অলিভারের বিরুদ্ধে ভেরমন্ট হাউস ভবনে অগ্নিসংযোগ, চুরি ও ভাঙচুরসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। তিনি সেদিন রাতে একটি মলেট ও বৈদ্যুতিক যন্ত্রপাতি চুরি করেন। কয়েকদিন আগে একই ভবনের জানালাও ভাঙেন তিনি। জুলাই মাসে সান্ডারল্যান্ডে নিজের বাবার বাড়ির জানালাও দু’বার ভাঙার কথা স্বীকার করেছেন।

বিচারক কেট মিক জানিয়েছেন, সমস্ত অভিযোগের শাস্তি একসঙ্গে নিউক্যাসল ক্রাউন কোর্টে নির্ধারণ করা হবে। আগামী ১৪ অক্টোবর তাকে আবার আদালতে হাজির করা হবে এবং প্রয়োজনে ‘নিউটন হিয়ারিং’ অনুষ্ঠিত হতে পারে, যাতে নির্ধারণ করা হবে অগ্নিসংযোগ ইচ্ছাকৃত ছিল নাকি বেপরোয়া আচরণ।