ভিসার মেয়াদ শেষে আশ্রয়প্রার্থনা করলে কড়াকড়ি: বিদেশি শিক্ষার্থীদের সরাসরি সতর্ক করছে যুক্তরাজ্য সরকার

55

সাইফ হাসান: যুক্তরাজ্যে ভিসার মেয়াদ শেষে আশ্রয়ের আবেদন বেড়ে যাওয়ায় সরাসরি বিদেশি শিক্ষার্থীদের সতর্কবার্তা পাঠাচ্ছে হোম অফিস। এবার প্রথমবারের মতো প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী ও তাদের পরিবারকে জানানো হবে—ভিসার বৈধতা না থাকলে দেশ ছাড়তে হবে, অন্যথায় জোরপূর্বক প্রত্যাবাসন করা হবে।

সরকারি বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, “যে আশ্রয়ের আবেদন ভিত্তিহীন হবে, তা দ্রুত প্রত্যাখ্যান করা হবে। বৈধ থাকার অধিকার না থাকলে আপনাকে দেশ ছাড়তে হবে। না গেলে আমরা আপনাকে সরিয়ে দেব।”

হোম অফিসের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ সালে বৈধ ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশকারীদের মধ্য থেকেই ৪১,১০০ জন আশ্রয়ের আবেদন করেছেন, যার মধ্যে সবচেয়ে বড় অংশ শিক্ষার্থীরা—১৬ হাজার। এটি ২০২০ সালের তুলনায় প্রায় ছয়গুণ বেশি।

বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিয়নের মহাসচিব জো গ্রেডি এই পদক্ষেপকে “আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর আক্রমণ” আখ্যা দিয়ে বলেন, “এটি ভিসার অপব্যবহার রোধের জন্য নয়, বরং রিফর্ম পার্টির মতো কড়া অবস্থান নেয়ার রাজনৈতিক প্রচেষ্টা।”

সরকার এরই মধ্যে বিদেশি গ্র্যাজুয়েটদের পড়াশোনা শেষে থাকার সময়সীমা ২ বছর থেকে কমিয়ে ১৮ মাস করেছে। এদিকে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকার জানিয়েছে, সংসদ মেয়াদের আগেই হোটেলগুলো থেকে আশ্রয়প্রার্থীদের সরানো সম্ভব হতে পারে।