খেলাধুলা ডেস্ক: ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ এল ক্ল্যাসিকো নাকি ম্যানচেস্টার ডার্বি এমন প্রশ্নের উত্তর চাইলে ফুটবলপ্রেমীরা হয়তো দুই ভাগে বিভক্ত হবেন। তবে আপাতত ফুটবল বিশ্ব আজ মেতে উঠবে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শিরোপা জয়ে দুই নগর প্রতিদ্বন্দ্বীর ম্যাচে। পয়েন্ট টেবিলে প্রথম স্থানে থাকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামছে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড।
মর্যাদা আর ঐতিহ্যের ১৭৫তম লড়াইটি শুরু হবে আজ রোববার বাংলাদেশ সময় রাত ১১টায়। ম্যানচেস্টার ইউনাইটেড নাকি এগিয়ে যাবে শিরোপার প্রধান দাবিদার ম্যানচেস্টার সিটি।
এ ম্যাচে গর্বের এক রেকর্ডের হাতছানি পয়েন্ট তালিকার শীর্ষ দল ম্যানচেস্টার সিটির। আজ ম্যানইউয়ের বিপক্ষে জয় পেলে তারা গড়বে ইতিহাস। চলতি আসরে টানা ১৩ জয় নিয়ে আজ রেডডেভিলদের মুখোমুখি হচ্ছে সিটিজেনরা।কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ে দুই নগর প্রতিদ্বন্দ্বী তীব্র লড়াইয়ে।
সমান ১৫ ম্যাচ ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি আর ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ইউনাইটেড। তাই এই ম্যাচে যে দল জিতবে তারা অনেকটাই এগিয়ে যাবে শিরোপা জয়ের মঞ্চের কাছে।
এদিন মাঠের বাইরেও লড়াই জমে উঠবে। মুখোমুখি হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা দুই কোচ। এক সময় রিয়াল মাদ্রিদের হয়ে বসগিরি করেছেন হোসে মরিনহো। বর্তমানে ইউনাইটেডের হাল ধরেছেন তিনি। অন্যদিকে বার্সেলোনা সাবেক কোচ পেপ গার্দিওয়ালা সিটিজেনদের তুলে নিয়েছেন পয়েন্ট টেবিলের উপরে। এল ক্ল্যাসিকো ও ম্যানচেস্টার ডার্বি দুই সেরা দ্বৈরথে ডাগ আউটে থেকেছেন তারা।কোচদের লড়াইটিও যেন সবার নজরে থাকবে।
অপ্রতিরোধ্য ম্যানচেস্টার সিটির সর্বশেষ স্মৃতিটা তিক্ত। উয়েফা চ্যাম্পিয়নস লিগের খেলায় ইউক্রেনের দল শাখতার দোনেস্কের কাছে ২-১ গোলে হার দেখে কোচ গার্দিওলার ম্যান সিটি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ওটাই সিটির প্রথম হার।
কোচ মরিনহো যথারীতি দলে পাচ্ছেন সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইবারহিমোভিচ ও সার্বিয়ান মিডফিল্ডার নিমানিয়া মাতিচকে। তবে নিষেধাজ্ঞা নিয়ে ডার্বি থেকে ছিটকে পড়েছেন ম্যানইউর ফরাসি তারকা পল পগবা।
প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন এ ফরাসি মিডফিল্ডার। পরে তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয় ইংলিশ ফুটবল সংস্থা (এফএ)। চোটের কারণে আজ অনিশ্চিত সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিয়ার্ড মিডফিল্ডার ডেভিড সিলভা।















