ব্রেক্সিটের পর ইইউ’র সাথে চুক্তির ধারা পরিবর্তন করতে পারবে বৃটেন

3105

ওয়ানবাংলানিউজ: ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ার পর ইইউ’র সঙ্গে চূড়ান্ত ব্রেক্সিট চুক্তি পছন্দ না হলে তা পরিবর্তনের অধিকার রাখেন। শনিবার এমন কথাই জানালেন জ্যেষ্ঠ বৃটিশ মন্ত্রী এবং ব্রেক্সিট-পূর্ব আইন প্রণেতা মাইকেল গোভ।

শুক্রবার ব্রেক্সিট সংক্রান্ত আলোচনায় ‘যথেষ্ট অগ্রগতি’ হয়েছে বলে জানান গোভ এবং ব্রেক্সিট সমর্থনকারী মন্ত্রীরা।

এদিন ব্রিটিশ পরিবেশ মন্ত্রী গোভ থেরেসা মে’র প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন। ব্রেক্সিট আইন নিয়ে ওঠা সমালোচনা থেকে মে’কে পরিত্রাণ করতে তিনি বলেন, ব্রেক্সিট আইনে অসন্তুষ্ট হলে তা পরিবর্তনের অধিকার রাখেন ব্রিটিশ নাগরিকরা। ভবিষ্যৎ সরকারও চাইলে এই আইনে পরিবর্তন আনতে পারে।

তিনি বলেন, ‘ইইউ’র সঙ্গে আমাদের সরকারের চুক্তি ব্রিটিশ জনগণের পছন্দ না হলে ভবিষ্যৎ কোনো সরকারের আমলে তা পরিবর্তনের যোগ্য।’

সব কিছু ঠিকঠাক থাকলে ২০১৯ সালের মার্চে ইইউ থেকে বের হয়ে যাবে ব্রিটেন। পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২২ সালে। যদিও ব্রিটিশ গণমাধ্যমগুলো আগাম নির্বাচনের বিষয়টিকে উড়িয়ে দিচ্ছে না। সংসদে থেরেসা মে’র সংখ্যাগরিষ্ঠতা হ্রাস এবং ব্রেক্সিট ইস্যুতে পার্টিতে বিভাজনই ডেকে আনতে পারে আগাম নির্বাচন।

তবে ব্রিটেনের বাইরে বসবাসরত কিছু পর্যবেক্ষকের মতে, ব্রেক্সিটের স্বপক্ষের ভোটারদের সঙ্গে বেঈমানি করে চুক্তিতে ইইউ’র চাওয়াগুলোকে পূর্ণ করেছেন মে।