রাজধানীর মতিঝিল থানার অর্থ পাচারের অভিযোগে করা মামলায় অটাম লুপ অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়াসিউর রহমানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এই আদেশ দেন।
এদিন আসামিকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. ছায়েদুর রহমান।
আবেদনে বলা হয়, মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, বিদেশে পাচার করা অর্থ উদ্ধার এবং বিদেশে অর্জিত সম্পত্তির তথ্য উদঘাটনের জন্য নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর প্রয়োজন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই আসামিকে জেল হাজতে আটক রাখা প্রয়োজন।
এদিকে, আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এই রিমান্ডের আদেশ দেন।
এর আগে, গত বুধবার রাজধানীর মধ্য বাড্ডা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, অটাম লুপ অ্যাপারেলস লিমিটেড প্রতিষ্ঠানটির রফতানি বাণিজ্যে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) কর্তৃক জনতা ব্যাংক পিএলসির অনুকূলে করপোরেট গ্যারান্টি প্রদান করা হয়েছে। বেক্সিমকো গ্রুপের করপোরেট গ্যারান্টেড প্রতিষ্ঠান অটাম লুপ অ্যাপারেলস ২০২০ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে জনতা ব্যাংক থেকে তিনটি এলসিং সেলস কন্ট্রাক্ট (বিক্রয় চুক্তি) গ্রহণ করেন। এর বিপরীতে পণ্য রফতানি করে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও রফতানি মূল্য প্রত্যাবাসিত হয়নি।
আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, পণ্য রফতানি করার রফতানিমূল্য ৪ মাসের মধ্যে প্রত্যাবাসন করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ওয়াসিউর রহমান তার অটাম লুপ অ্যাপারেলস লিমিটেডসহ অন্যান্য আসামিদের সহযোগিতায় সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকা পাচারের উদ্দেশ্যে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রফতানি করেন। এর মাধ্যমে ২৮ লাখ ৩২ হাজার ৪২৮ ইউএস ডলার রফতানিমূল্য প্রত্যাবাসন না করে দেশের বাইরে নিজেদের ভোগ-বিলাস এবং সম্পদ সংগ্রহের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন৷















