পাকিস্তানে বিমান হামলার দাবি নয়াদিল্লীর

818

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ‘বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিতে’ হামলা চালানো হয়েছে বলে দাবি করছে ভারত। অন্যদিকে, এ হামলায় ভারত পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি পাকিস্তানের। তারা বলছে, পাকিস্তানের বিমানবাহিনী ভারতের বিমানবাহিনীকে আক্রমণ করতে না দিয়ে ফিরিয়ে দিতে বাধ্য করেছে।

ভারতীয় প্রতিবেদন অনুযায়ী, আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফারাবাদে জঙ্গি আস্তানায় এ হামলা চালায়।

ভারতীয় বিমানবাহিনীর বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানায়, ওই ‘বিচ্ছিন্নতাবাদীদের’ আস্তানায় এক হাজার কেজি লেজার গাইডেড বোমা নিক্ষেপ করে সম্পূর্ণই ধ্বংস করে দেওয়া হয়েছে।

একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানায়, জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদের জঙ্গিঘাঁটিতে পরিকল্পনা অনুযায়ী হামলা চালানো হয়েছে। এবং এ হামলা ১০০ ভাগ সফল হয়েছে।

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার দুই সপ্তাহের মাথায় অভিযুক্ত জয়শ-ই-মোহাম্মদের আস্তানায় হামলা চালানো হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি উঠল।

তবে ভারতীয় বিমানবাহিনীর এই হামলার কথা অস্বীকার করেছে পাকিস্তান। তারা বলছে, সীমান্ত পেরিয়ে ভারতীয় বিমানবাহিনী হামলা চালাতে এসেছে ঠিকই, কিন্তু পাকিস্তান বিমানবাহিনী তাদের প্রতিহত করে ফিরিয়ে দিতে বাধ্য করেছে।

পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর জেনারেল আসিফ ঘাফুর এক টুইট বার্তায় বলেন, ‘ভারতীয় বিমানবাহিনী মুজাফফারাবাদে অনুপ্রবেশ করেছিল। কিন্তু পাকিস্তান বিমানবাহিনী তৎক্ষণাৎ কার্যকর ভূমিকা পালন করে তাদের প্রতিহত করে ফিরিয়ে দিয়েছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’

বিবিসির দেওয়া তথ্যমতে, যদি এ ঘটনা সত্যি হয়, তবে ১৯৭১ সালের পর এই প্রথম ভারতীয় বিমানবাহিনী সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করল।