সারা দেশে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৭৫৪

148

রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে এক হাজার ৭৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১১২৮ জন এবং অন্যান্য অপরাধে আরও ৬২৬ জনকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৩ জুলাই) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১১২৮ জন এবং অন্যান্য অপরাধে আরও ৬২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানের সময় অস্ত্র ও গুলির উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে—একনলা বন্দুক চারটি, দেশীয় একনলা শটগান চারটি, এসবিবিএল একনলা বন্দুক ১টি, দেশীয় পাইপগান ১টি, ম্যাগাজিন ২টি, ১৩ রাউন্ড কার্তুজ, ২০ রাউন্ড পিস্তলের গুলি এবং ৪ রাউন্ড রাইফেলের গুলি।

অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহৃত থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দফতরের এই কর্মকর্তা।