ঝালকাঠির আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেফতার

69

বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় আসামি ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানকে (৫৬) রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে উত্তরা থানাধীন বিএনএস সেন্টারের ষষ্ঠ তলায় অবস্থিত স্টার প্লাস হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, হাবিবুর রহমান ঝালকাঠি জেলার সদর থানায় দায়েরকৃত তিনটি মামলার এজাহারনামীয় আসামি। মামলাগুলোর অভিযোগে বলা হয়েছে, তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ জনতার ওপর হামলা চালানো, ভাঙচুর এবং অগ্নিসংযোগের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। গ্রেফতারের বিষয়ে ঝালকাঠি সদর থানার পক্ষ থেকে আবেদন আসার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।