সাইফ হাসান: ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ (বিজিএস) এর গবেষণায় ইংল্যান্ডের নদীতে প্রথমবার কৃষি ও পোষ্য ফ্লি চিকিৎসায় ব্যবহৃত বিপজ্জনক কীটনাশক শনাক্ত হয়েছে। এই রাসায়নিকগুলো মাছ ও জলজ প্রাণীর জন্য মারাত্মক।
গবেষণায় সোমারসেটের টোন এবং নরফোকের ওয়েনসাম নদীর পানি, তলানি, মাছ ও অমেরুদণ্ডী প্রাণীতে ৫২টি কীটনাশক পরীক্ষা করা হয়। কুকুরের ফ্লি চিকিৎসায় ব্যবহৃত ভেটেরিনারি কীটনাশক ফিপ্রোনিল উচ্চ মাত্রায় পাওয়া গেছে, যা কুকুরের নদীতে সাঁতার কাটার মাধ্যমে পৌঁছায় এবং জলজ প্রাণীর জন্য বিষাক্ত। এছাড়া, কৃষিতে ব্যবহৃত ছত্রাকনাশক প্রোপিকোনাজলও উচ্চ মাত্রায় শনাক্ত হয়েছে, যা মাছের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
নিওনিকোটিনয়েড কীটনাশক, যা অতি কম মাত্রায়ও পোকা ও মাছের জন্য মারাত্মক, উভয় নদীতেই পাওয়া গেছে। এক-তৃতীয়াংশ নমুনায় এর মাত্রা জলজ অমেরুদণ্ডী প্রাণীদের জন্য ক্ষতিকর সীমা ছাড়িয়েছে।
বিজিএস-এর জৈব রসায়ন প্রধান ড. ক্রিস্টোফার ভেনো বলেন, “এই কীটনাশক পোষ্য ফ্লি প্রতিরোধ ও ফসল রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখে, কিন্তু ইংলিশ নদীতে এগুলোর উপস্থিতি বন্যপ্রাণীর জন্য হুমকি। আরো পরিবেশবান্ধব অনুশীলন ও উচ্চ ঝুঁকিপূর্ণ কীটনাশকের উপর কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন।”
গবেষকরা ইংলিশ নদী ও অন্যান্য দেশের জলাশয়ে আধুনিক কীটনাশকের বিস্তার এবং জলজ প্রাণীতে এর প্রভাব নিয়ে আরো অধ্যয়নের আহ্বান জানিয়েছেন।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















