ওয়ানবাংলানিউজ: জাতিসংঘ ঘোষিত ইন্টারন্যাশনাল ডে অব পারসনস উইথ ডিসএবিলিটি উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার আপাসেনের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় এবং আপাসেনের সার্বিক তত্ত্বাবধানে পূর্ব লন্ডনের মাইল এন্ড ইকোলজি প্যাভেলিয়ন ভেন্যুতে বিশেষ এই অনুষ্ঠান আয়োজিত হয়। এতে আপাসেনের শিক্ষার্থী ছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করে চলেছে এমন ১২ টি সংগঠন অংশ নেয়।
শিক্ষা, সংস্কৃতি এবং কর্মক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে ২২ জনকে সম্মাননা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্টস এনএইচএস ট্রাস্টের পাবলিক হেলথ পরিচালক ড. ইয়ান বাজনেত এবং কাউন্সিলর ডেনিস জোন্স। এসময় আরো উপস্থিত ছিলেন আপাসেন এবং আপাসেন ইন্টারন্যাশনালের চিফ এক্সেকিউটিভ মাহমুদ হাসান এমবিই, সংস্থাটির চেয়ারম্যান আমির হোসেন, ট্রাস্টিবৃন্দ এবং বার্টস হেলথ এনএইচএসের ইনক্লুশান এন্ড কমিউনিটি এনগেজমেন্ট ম্যানেজার খসরুজ্জামান। উল্লেখ্য, ৩রা ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ডিসএবিলিটি ডে উদযাপনের অংশ হিসেবে আপাসেন প্রতিবছরই শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে আসছে। এসময় অংশগ্রহণকারী সংগঠনগুলোর প্রতিনিধিরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।















