সাইফ হাসান: লন্ডনের ওল্ড বেইলি আদালতে শুক্রবার (৯ মে, ২০২৫) এক চাঞ্চল্যকর শুনানিতে জানা গেছে, রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত বুলগেরিয়ান নারী ক্যাটরিন ইভানোভা কোনো ‘জর্জ ব্লেক’ নন। তার আইনজীবী রুপার্ট বাওয়ার্স জানিয়েছেন, ইভানোভা তার সঙ্গী বিসের জাম্বাজভের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং এই চক্রে তার ভূমিকা ছিল শুধুই প্রশাসনিক। আদালতকে তিনি বলেন, “তিনি কোনো প্রধান সহযোগী নন, তার নিজস্ব কোনো উদ্যোগ ছিল না। তাকেठা করতে বলা হয়েছে, তিনি তাই করেছেন।”
ইভানোভার আইনজীবী আরও জানান, তার মক্কেল হোটেল বুকিং ও ফ্লাইটের ব্যবস্থাপনার মতো সাধারণ কাজ করতেন। তিনি বলেন, “এটি ক্লাসিক গুপ্তচর মামলা থেকে অনেক দূরে। জর্জ ব্লেকের মতো ক্ষেত্রের সঙ্গে এর তুলনা করা উচিত নয়।” জর্জ ব্লেক ছিলেন এমআই৬-এর কুখ্যাত সোভিয়েত এজেন্ট, যিনি ১৯৬১ সালে ৪২ বছরের কারাদণ্ড পান এবং পরে ১৯৬৬ সালে পালিয়ে মস্কোতে চলে যান। ইভানোভার বিরুদ্ধে অভিযোগ, তিনি মস্কোর নির্দেশে ইউক্রেনের সৈন্যদের ফোনের তথ্য চুরির একটি অভিযানে জড়িত ছিলেন। এই অভিযানে জার্মানির সটুটগার্টের প্যাচ ব্যারাকে প্রশিক্ষণরত সৈন্যদের ফোন নম্বর সংগ্রহের জন্য আইএমএসআই নামক যন্ত্র ব্যবহারের পরিকল্পনা ছিল। তবে ইভানোভা দাবি করেছেন, তিনি এই যন্ত্র সম্পর্কে গ্রেপ্তারের আগে কিছুই জানতেন না।
আদালতে প্রকাশ পায়, এই গুপ্তচর চক্রের নেতা ওরলিন রুশেভ একটি বার্তায় ইভানোভাকে ‘প্রধান সহযোগী’ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে তার আইনজীবী বলেন, এই বার্তাগুলো ‘কল্পনাপ্রসূত’ এবং এই চক্রের কাজ শত্রু রাষ্ট্রের জন্য ‘প্রায় অকেজো’ ছিল। এছাড়া, ইভানোভার ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডিও আদালতে উঠে আসে। তার দীর্ঘদিনের সঙ্ী জাম্বাজভ তার সঙ্গে প্রতারণা করেছেন এবং গুপ্তচর চক্রের আরেক সদস্য ভানিয়া গ্যাবেরোভার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। গ্রেপ্তারের সময় পুলিশ গ্যাবেরোভার ফ্ল্যাটে জাম্বাজভকে তার সঙ্গে পায়। ইভানোভা এই সম্পর্কের কথা গ্রেপ্তারের পর জানতে পারেন। জাম্বাজভ দুজন নারীকে মিথ্যা বলেছিলেন যে তার ব্রেন ক্যানসার হয়েছে।
ইভানোভা, জাম্বাজভ এবং গ্যাবেরোভাসহ মোট ছয়জন বুলগেরিয়ান নাগরিকের সাজা ঘোষণা হবে আগামী সোমবার। তাদের মধ্যে রয়েছেন রুশেভ, ইভান স্টোয়ানভ এবং তিহোমির ইভানচেভ। ইভানোভার আইনজীবী আদালতের কাছে তার মক্কেলেরজন্য হালকা সাজার আবেদন জানিয়েছেন।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















