সাইফ হাসান: যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের একটি সীমিত বাণিজ্য চুক্তির ফলে ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভারের (জেএলআর) হাজারো কর্মীর চাকরি রক্ষা পেয়েছে। যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানির উপর আরোপিত ২৫% শুল্ক কমিয়ে ১০%-এ নামিয়ে আনার এই চুক্তি গত বৃহস্পতিবার (৮ মে ২০২৫) ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই চুক্তির ফলে জেএলআর-এর ওয়েস্ট মিডল্ান্ডসের কারখানায় চাকরি হারানোর ঝুঁকি থেকে বেঁচে গেছে অনেক কর্মী।
ব্রিটেনের যুক্তরাষ্ট্রে দূত পিটার ম্যান্ডেলসন সিএনএন-এর এক সাক্ষাৎকারে বলেন, “এই চুক্তির ফলে সেই চাকরিগুলো রক্ষা পেয়েছে। আমার মতে, এটি একটি বড় অর্জন, এবং আমি খুব খুশি যে প্রেসিডেন্ট এটি স্বাক্ষর করেছেন।” সরকারি সূত্রে জানা গেছে, জেএলআর-এর যুক্তরাজ্যের ৩০,০০০ কর্মীর মধ্যে কিছু সংখ্যক চাকরি কাটার পরিকল্পনা ছিল, তবে এই চুক্তির আশায় তারা শ্রমিক ইউনিয়নকে জানায়নি।
গত মাসে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর জেএলআর ৩০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে রপ্তনি বন্ধ করে দিয়েছিল। নতুন চুক্তির ফলে শুল্ক ২৭.৫% থেকে কমিয়ে ১০%-এ নামানো হয়েছে, যা গত সপ্তাহ থেকে আবার রপ্তানি শুরুর পথ সুগম করেছে। যুক্তরাজ্যের ব্যবসা সচিব জোনাথন রেনল্ডস বিবিসি’র নিউজনাইট অনুষ্ঠানে বলেন, “এটি খুবই গুরুতর বিষয় ছিল। এই চুক্তি না হলে হাজার হাজার মানুষ তাদের চাকরি হারাতেন, যা যুক্তরাজ্যের অর্থনীতির জন্য বড় ধাক্কা হতো।”
জেএলআর-এর প্রধান নির্বাহী আদ্রিয়ান মার্ডেল চুক্তির প্রশংসা করে বলেন, “এই চুক্তি আমাদের খাত এবং এর সঙ্গে জড়িত সম্প্রদায়ের জন্য নিশ্চয়তা নিয়ে এসেছে। এটি প্রায় ২৫æ০০০ চাকরি টিকিয়ে রাখতে সাহায্য করবে।” সরকারি একজন কর্মকর্তা জানান, গাড়ি খাতে হাজার হাজার চাকরি হারানোর প্রভাব শুধু জেএলআর-এর মধ্যে সীমাবদ্ধ থাকত না, বরং এটি প্রায় ১০০,০০০ পরিবারের উপর প্রভাব ফেলত, যারা এই খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।
এর আগে যুক্তরাজ্যের গাড়ি রপ্তানির উপর ২.৫% শুল্ক ছিল, যা ট্রাম্প ২৫% বাড়িয়ে দিয়েছিলেন। এই অতিরিক্ত শুল্কের কারণে রেঞ্জ রোভার ইভোকের দাম প্রায় ১২,৫০০ ডলার এবং সাধারণ রেঞ্জ রোভারের দাম ২৭,০০০ ডলার বেড়ে যাওয়ার ঝুঁকি ছিল। তবে নতুন চুক্তির ফলে গত সপ্তাহে াঠানো গাড়িগুলো এই ২৫% শুল্ক থেকে মুক্তি পেয়েছে, কারণ শুল্ক প্রযোজ্য হয় ডেলিভারির তারিখের উপর, অর্ডারের তারিখের উপর নয়।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















