আধুনিক দাসত্বের শিকাররা নির্বাসনের ভয়ে শোষকদের সঙ্গেই থাকছে: চাঞ্চল্যকর গবেষণা

221

সাইফ হাসান: আধুনিক দাসত্বের শিকাররা সরকারি সহায়তার পরিবর্তে নির্বাসনের ভয়ে তাদের শোষকদের সঙ্গেই থাকতে বাধ্য হচ্ছে। যুক্তরাজ্যে করা একটি গবেষণায় এই মর্মান্তিক তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়, সরকারের কঠোর অভিবাসন নীতি এবং ভীতিকর বক্তব্যের কারণে মানবপাচারের শিকাররা সহায়তা নিতে ভয় পাচ্ছে।

নটিংহাম ইউনিভার্সিটির রাইটস ল্যাবের একটি গবেষণায় দেখা গেছে, ২০১৫ সালে চালু হওয়া মডার্ন স্লেভারি অ্যাক্ট ব্যর্থ হয়েছে। এই আইনেরठদ্দেশ্য ছিল মানবপাচারের শিকারদের সুরক্ষা দেওয়া এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা। কিন্তু গবেষণা বলছে, শিকাররা সরকারের ন্যাশনাল রেফারেল মেকানিজম (এনআরএম) থেকে সহায়তা নিতে অস্বীকার করছে। ২০১৬ সালে এই ধরনের অস্বীকৃতির সংখ্যা ছিল ৭৬২, যা ২০২৪ সালে বেড়ে ৫,৫৯৮-এ পৌঁছেছে, অর্থাৎ ৬৩০% বৃদ্ধি পেয়েছে।

গবেষণায় বলা হয়েছে, নির্বাসনের ভয়ই শিকারদের সহায়তা প্রত্যাখ্যানের প্রধান কারণ। অনেকে মনে করেন, এনআরএম একটি ফাঁদ, যা সুরক্ষার পরিবর্তে অভিবাসন আইনের শাস্তির দিকে নিয়ে যায়। সরকারের কঠোর অভিবাসন নীতি এবং রুয়া্ডায় জোরপূর্বক প্রত্যাবাসনের হুমকির মতো পদক্ষেপ এই ভয়কে আরও বাড়িয়েছে। আলবেনিয়া ও ভিয়েতনামের মতো দেশ থেকে আসা শিকাররা বিশেষভাবে আতঙ্কিত।

অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে, মডার্ন স্লেভারি অ্যাক্টের অধীনে অপরাধীদের শাস্তি দেওয়ার হারও খুব কম। ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ১৭,১২০ জন সম্ভাব্য শিকার এনআরএম-এ রেফার করা হলেও, মাত্র ৫৮ জনের বিরুদ্ধে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই হার মাত্র ১.৮%।

ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টি-স্লেভারি কমিশনার এলিয়ানর লিয়ন্স বলেন, “এটা হৃদয়বিদারক যে শিকারা সহায়তা প্রত্যাখ্যান করছে। যখন নির্বাসনের ভয় সুরক্ষার প্রতিশ্রুতিকে ছাপিয়ে যায়, তখন বোঝা যায় সিস্টেমটি গভীরভাবে ভেঙে পড়েছে। এই রিপোর্ট একটি সতর্কবাণী।”

গবেষক অ্যালিসিয়া হেইস বলেন, “আইনের উদ্দেশ্য ছিল অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া। কিন্তু দশ বছর পরও দোষী সাব্যস্তের হার কম। অনেক সময় অপরাধীদের অন্য আইনে শাস্তি দেওয়া হয়, যা শিকারদের অভিজ্ঞতাকে ভুলভাবে উপস্থাপন করে।”

এই প্রতিবেদনের সূত্র: The Guardian