ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর আয় কমছে টানা তৃতীয় বছর: বন্ধের আশঙ্কা!

176

সাইফ হাসান: ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক সংকট ক্রমশ গভীর হচ্ছে। উচ্চশিক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফিস ফর স্টুডেন্টস (ওএফএস) জানিয়েছে, টানা তৃতীয় বছরের মতো বিশ্ববিদ্যালয়গুলোর আয় কমেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস পাওয়ায় এই সংকট আরও তীব্র হচ্ছে। এর ফলে ক্যাম্পাসে ব্যয় সংকোচন, কোর্স বাতিল ও শিক্ষক-কর্মচারী ছাঁটাইয়ের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ওএফএস-এর বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অনেক বিশ্ববিদ্যলয় বাজেট ঘাটতি মেটাতে ভবন রক্ষণাবেক্ষণ ও নির্মাণে ব্যয় কমিয়েছে। এমনকি চলতি বছর ৪০০ মিলিয়ন পাউন্ডের বেশি মূল্যের জমি ও সম্পত্তি বিক্রির পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয়গুলো। ওএফএস-এর নিয়ন্ত্রণ পরিচালক ফিলিপা পিকফোর্ড বলেন, “আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির প্রত্যাশিত সংখ্যা পূরণে ব্যর্থতাই এই সংকটের মূল কারণ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এই শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় ২১% কম হবে বলে ধারণা করা হচ্ছে।”

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চ ফি দেশীয় শিক্ষার্থীদের টিউশন ফি থেকে ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ। কিন্তু সাম্প্রতিক অভিবাসন ও ভিসা নীতির কঠোরতার কারণে ২০২৩ সাল থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি তীব্রভাবে কমেছে। সরকার এই নীতি আরও কঠোর করার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়নের মহাসচিব জো গ্র্যাডি বলেন, “এই প্রতিবেদন প্রমাণ করে বিশ্ববিদ্যালয়গুলো চরম আর্থিক চাপে রয়েছে। ইতোমধ্যে ১০,০০০ চাকরি হারিয়েছে এই খাত। সরকার যদি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও বাধা সৃষ্টি করে, তাহলে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের মুখে পড়তে পারে।”

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একটি জরিপে দেখা গেছে, ৫১%ठ্রিটিশ ভোটার মনে করেন আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা শেষে যুক্তরাজ্যে কাজের সুযোগ দেওয়া উচিত। এমনকি ২০২৪ সালে রিফর্ম পার্টির ভোটারদের ৩৩% এই মত সমর্থন করেছেন।

ওএফএস জানিয়েছে, স্বল্প মেয়াদে একাধিক বিশ্ববিদ্যালয় বন্ধের সম্ভাবনা কম। তবে পিকফোর্ড সতর্ক করে বলেন, “দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।” তিনি শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন, বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগে তাদের প্রকাশিত আর্থিক হিসাব পরীক্ষা করে নিতে।

শিক্ষা সচিব ব্রিজেট ফিলিপসন বলেন, “এই থ্য সরকারের দেশীয় টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করে। আগামী গ্রীষ্মে একটি শ্বেতপত্রের মাধ্যমে আরও সংস্কার আনা হবে। উচ্চশিক্ষার ভিত্তি মজবুত করতে আরও সংস্কার প্রয়োজন, এবং বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের আর্থিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে হবে।”

এই প্রতিবেদনের সূত্র: The Guardian