জাতীয় নির্বাচন : দলগুলোর নানা মত, ইসির ডিসেম্বরের প্রস্তুতি

193

ঢাকা সংবাদদাতা: দলগুলো একমত হয়েছে সেগুলো নিয়ে এরইমধ্যে সংস্কার প্রক্রিয়া শুরুর পক্ষে তারা৷

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘তা করতে সাত দিন লাগে৷ এর বাইরে চিন্তা করা ঠিক না৷ স্বৈরাচার পতনের পর মানুষের এখন চাওয়া তার গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়া৷ আর সেটার জন্যই দ্রুত নির্বাচন দরকার৷”

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সও দ্রুত নির্বাচনের পক্ষে৷ তিনি বলেন, ‘‘দেশের অধিকাংশ রাজনৈতিক দলই এখন দ্রুত নির্বাচন চায়৷ যারা নির্বাচন যথা সময়ে চায় না বা কালক্ষেপণ করতে চায় তারা আসলে গণঅভ্যুত্থানের চেতনার বিপরীতে কথা বলছেন৷ দেশে নির্বাচন যত দেরি হবে জটিলতা তত বাড়বে৷ নানা অপশক্তি তৎপর হবে৷ সরকার তা সামলাতে পারবে না৷”

রুহিন হোসেন প্রিন্স জানিয়েছেন, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তারা স্পষ্ট করে বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি আছে৷ সংস্কারের ব্যাপারে তার অভিমত রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো নিয়েই কাজ শুরু করা যেতে পারে৷ তাতে খুব বেশি সময় লাগার কথা নয়৷

‘আর যারা বিচার শেষ হওয়ার কথা বলছে তাদের বিচার প্রক্রিয়া সম্পর্কে ধারণা নাই৷ এতে অনেক সময় লাগে৷ নির্বাচন কি ততদিন হবে না?’ প্রশ্ন করেন প্রিন্স৷

মৌলিক সংস্কার, বিচারের আগে নির্বাচন চায় না এনসিপি

তবে নির্বাচনে বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একাংশের নতুন রাজনৈতিক দল এনসিপি৷ তাদের মতে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন৷ সেই সঙ্গে নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিচার প্রক্রিয়া দৃশ্যমান হওয়ার ব্যাপারেও অবস্থান নিয়েছে তারা৷ আওয়ামী লীগকে নিষিদ্ধের আগে নির্বাচন হবে না বলেও উল্লেখ করেছে তারা৷ তবে নির্বাচন নিয়ে কোনো সময়সীমার কথা উল্লেখ করেনি দলটি৷

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ডয়চে ভেলেকে বলেন, ‘‘ক্ষমতাকে একমুখি করে রাখা এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরই বাংলাদেশে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ এটা ঠিক না করে তো নির্বাচন দিয়ে কোনো লাভ নাই৷”

এনসিপির প্রত্যাশার কথা উল্লেখ করে মনিরা শারমিন বলেন, ‘‘বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে সব দলকে ঐক্যমতে আসতে হবে৷ আর এই দায়িত্ব সরকারের৷ সরকারকেই এটা সব দলকে বুঝাতে হবে যে মৌলিক সংস্কার, বিচার আগে দরকার৷ নির্বাচনই অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ না৷ তাদের সংস্কার ও বিচারকে গুরুত্ব দিতে হবে৷ বিএনপি চায় না বলে হবে না৷ সেটা তো হতে পারে না৷”

এনসিপি মনে করে, সবার আগে সংস্কারের রোডম্যাপ দরকার৷ তারপর নির্বাচন৷

‘এই কারণে আমরা নির্বাচনের কোনো টাইম ফ্রেম বেধে দিতে চাই না’ বলেন মনিরা শারমিন৷

ড. ইউনূসের ঘোষিত সময়সীমা অনুযায়ী প্রস্তুত ইসি

নির্বাচন নিয়ে সরকারের দিক থেকে শনিবার ডয়চে ভেলে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পায়নি৷ তবে আলাপচারিতায় সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘প্রফেসর ইউনূস বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে৷ তাই হবে৷ তিনি অনড় আছেন৷”

ড. ইউনূসের ঘোষিত সময়সীমা অনুযায়ী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলে আসছে নির্বাচন কমিশনও৷ সেক্ষেত্রে সবচেয়ে আগে ডিসেম্বরে নির্বাচন ধরেই এগুচ্ছে তারা৷ নির্বাচন কমিশন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘ডিসেম্বরে নির্বাচন ধরেই প্রস্ততি নিচ্ছে কমিশন৷ কমিশন সেই টার্গেটে সব কাজ এগিয়ে নিচ্ছে৷ তবে নির্বাচনের তফসিল হবে রাজনৈতিক দল ও সরকারের মতামতের ওপর ভিত্তি করে৷”