অ্যাডিলেডে হারের শঙ্কায় ইংলিশরা

898

খেলাধুলা ডেস্ক: অ্যাশেজের দ্বিতীয় টেস্টের তিনদিন শেষ না হতেই হারের শঙ্কা পেয়ে বসেছে ইংলিশদের। অস্ট্রেলিয়া ৪৪২ রানে প্রথম ইনিংস ঘোষণা করলে ফলোঅন এড়াতে ইংলিশদের দরকার ছিল কমপক্ষে ২৪৩। শেষ পর্যন্ত তারা সেটাও পারেননি। ২২৭ রানে গিয়ে থামে তাদের প্রথম ইনিংস। ফলে ২১৫ রানে পিছিয়ে থাকে ইংল্যান্ড। তবু ফলোঅন করাননি অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। এ সুযোগে রং ফিরে এল অ্যাডিলেড টেস্টে। কৃত্রিম আলোতে গোলাপি বলের সর্বোচ্চ ফায়দা নিয়ে ৪ উইকেট তুলে নিয়েছে ইংল্যান্ড। এতে ২৬৮ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে স্বাগতিকরা।
টস জিতেছিলেন রুট, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। প্রথম দিনে ভালো শুরু করেও বড় ইনিংস না খেলার মাশুল দিয়েছেন স্মিথ বাহিনী। দিবারাত্রি টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২০৯ রান করেছিলেন তারা।

দ্বিতীয় দিনেই অবশ্য টেস্টের চেহারা পাল্টে দেন শন মার্শ। দিনের শুরুতেই পিটার হ্যান্ডসকম্ব আউট হলেও টিম পেইনকে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন তিনি। এরপর ৫৭ রানে পেইন আউট হলেও প্যাট কামিন্সকে নিয়ে ৯৯ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে বড় রানের ভিত্তি দেন মার্শ। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ১২৬ রানে। ৮ উইকেটে ৪৪২ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

শেষ বিকেলে ব্যাট করতে নেমে ওপেনার মার্ক স্টোনম্যানের উইকেট হারায় ইংল্যান্ড। কিন্তু আজ তৃতীয় দিনের শুরু থেকেই সফরকারীদের শাসন করতে থাকেন অস্ট্রেলিয়ান বোলাররা। গোলাপি বলের সর্বোচ্চ ফায়দা তুলেছেন তারা। নাথান লায়নের ৪ উইকেটের সঙ্গে মিচেল স্টার্কের ৩ উইকেট শিকারে ২২৭ রানেই গুটিয়ে যান রুটরা। সর্বোচ্চ ৪১ রান করেছেন ৯ নম্বরে নামা অভিষিক্ত ক্রেইগ ওভারটন। ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন জনি বেয়ারস্টো, মঈন আলির মতো ব্যাটসম্যানরা।

ব্রিসবেনে প্রথম টেস্ট হেরে এমনিতেই পিছিয়ে আছে ইংল্যান্ড। এই টেস্টও হারলে অ্যাশেজ ধরে রাখাটা ভীষণ কঠিন হয়ে যাবে তাদের। অন্যদিকে, সুবিধাজনক অবস্থানে স্মিথ। ৪০০ রানের লিড তুলে চতুর্থ ও পঞ্চম দিনে সফরকারীদের ব্যাট করাতে চাইছেন অধিনায়ক।
স্মিথের এমন নিরাপদ, কিন্তু নেতিবাচক সিদ্ধান্তের ফায়দা তুলেছেন ইংলিশ পেসাররা। শুরুতেই ব্যানক্রফটকে ফিরিয়েছেন অ্যান্ডারসন। দিনের শেষ আধা ঘণ্টাতেই আসল কাজটা করেছেন অ্যান্ডারসন ও ক্রিস ওকস। উসমান খাজাকে এলবিডব্লিউ করে শুরুটা করেন অ্যান্ডারসন। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছেন ওকস।