সাইফ হাসান: লন্ডনের পেকহ্যামে ১০ বছর আগে এক তরুণ ছাত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ওলা রাজি নামের ২১ বছর বয়সী ওই তরুণের পরিবার এখনো ন্যায়বিচারের অপেক্ষায়। হত্যার ১০ম বার্ষিকীতে তার বোনেরা জনসাধারণের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
২০১৫ সালের ২১ এপ্রিল, মঙ্গলবার রাতে ওলা রাজি তার বন্ধুর বাড়িতে বায়ার্ন মিউনিখ ও পোর্তোর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পেকহ্যামের ইস্ট সারে গ্রোভ এস্টেটের কাছে কমার্শিয়াল ওয়েত দুজন হামলাকারী তাকে ছুরিকাঘাত ও গুলি করে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ওলার বোন জাইনাব রাজি ও রুকি ওয়্যার বলেন, “আমাদের ভাইয়ের মৃত্যুর বার্ষিকী প্রতিবারই আমাদের জন্য কষ্টের স্মৃতি। এই ১০ বছর আমরা কখনো ফিরে পাব না।” তারা আরও বলেন, “আমরা যখন একসঙ্গে হই, তখন একটা শূন্যতা অনুভব করি। আমাদের সন্তানরা তাদের চাচাকে কখনো চিনবে না। হাসিখুশি মুহূর্তগুলোও এখন কিছুটা ম্লান।”
তারা বলেন, “এটা শুধু আমাদের পরিবারের ক্ষতি নয়, পেকহ্যাম ও দক্ষিণ লন্ডনের রাস্তায় নিরাপত্তার বিষয়। যারা এই হত্যা করেছে, তারা আবাও এমন অপরাধ করতে পারে। আমরা সত্যের কাছাকাছি যাচ্ছি। হামলার আগে ওলার কাছে আসা ফোন কলের তথ্য আমরা জানতে পেরেছি। এখন ছোট্ট কোনো তথ্যই হতে পারে হত্যাকারীদের ধরার চাবিকাঠি।”
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা ২১:৪৫ থেকে ২৩:০০ এর মধ্যে একজন মহিলা চালকের কালো ভক্সহল কর্সা গাড়ি ও পিয়ার কোর্টে ২৩:১০ এ ফিরে আসা দুজন পুরুষের সঙ্গে কথা বলতে চায়। তদন্তের নেতৃত্বে থাকা ডিসিআই অ্যালেক্স গাম্মাম্পিলা বলেন, “ওলা নিরীহ মানুষ ছিলেন, ভুল সময়ে ভুল জায়গায় ছিলেন। তার হত্যা পরিবার ও সম্প্রদায়কে বিধ্বস্ত করেছে।”
ক্রাইমস্পার্স নামের একটি স্বাধীন দাতব্য সংস্থা হত্যাকারীদের শনাক্ত ও বিচারের জন্য ২০,০০০ পাউন্ড পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। তথ্য থাকলে ১০১ নম্বরে কল করে রেফারেন্স ২৫৯৭/১৬এপিআর২৫ উল্লেখ করতে বা নির্দিষ্ট আবেদন পৃষ্ঠায় তথ্য, ছবি বা ভিডিও আপলোড করতে বলা হয়েছে।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















