ফারাজের চাঞ্চল্যকর ঘোষণা, যুক্তরাষ্ট্রের ক্লোরিনযুক্ত মুরগি যুক্তরাজ্যে আসছে!

34

সাইফ হাসান: যুক্তরাজ্যের রাজনীতিতে ঝড় তুলেছেন রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে ক্লোরিনযুক্ত মুরগি আমদানির পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন। এই ঘোষণা দেশটির কৃষক ও ভোক্তাদের মধ্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। আসছে ১ মে ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনের আগে ফারাজের এই মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি করেছে।

ফারাজ সানডে টাইমসকে বলেন, “আমরা এখনই থাই্যান্ড থেকে নিম্নমানের পরিবেশে উৎপাদিত মুরগি আমদানি করছি। সুপারমার্কেটের প্রতিটি সালাদ প্যাকেটও ক্লোরিনযুক্ত। এগুলো মেনে নেওয়ার পর আমি এ নিয়ে বিতর্কে যেতে রাজি।” তিনি দাবি করেন, ব্রিটিশ কৃষকদের উচ্চমানের পণ্য উৎপাদনের মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে।

ল্যাঙ্কাশায়ারে সাক্ষাৎকারে ফারাজ বলেন, তিনি ব্রিটিশ কৃষকদের উৎপাদনকে ‘উচ্চমানের’ হিসেবে প্রচার করতে চান। তিনি মনে করেন, ক্রেতারা স্থানীয় পণ্যের উৎস জানতে আগ্রহী, তাই দীর্ঘমেয়াদে কৃষকদের কোনো ক্ষতি হবে না। তবে, ব্রিটিশ সরকার ও কনজারভেটিভ পার্টি যু্তরাষ্ট্রের নিম্নমানের মুরগি আমদানির বিরোধিতা করে আসছে।

এদিকে, একটি জরিপে দেখা গেছে, ফারাজের রিফর্ম ইউকে দল সাধারণ নির্বাচনে সর্বোচ্চ আসন পেতে পারে। মোর ইন কমনের এমআরপি জরিপে বলা হয়েছে, ২৩.৭% ভোটে রিফর্ম ১৮০টি আসন, ২৪.৩% ভোটে কনজারভেটিভ ১৬৫টি এবং ২৪.৫% ভোটে লেবার ১৬৫টি আসন পেতে পারে। এই জরিপ ১৬,০০০ মানুষের মতামতের ভিত্তিতে করা হয়েছে।

ফারাজের এই মন্তব্য এবং জরিপের ফলাফল আসন্ন স্থানীয় নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। তবে, কম ভোটার উপস্থিতির কারণে ফলাফলের পূর্বাভাস দেওয়া কঠিন।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian