মেট পুলিশ অফিসারের ধ*র্ষণ এবং বর্ণবাদ নিয়ে কুরুচিপূর্ণ তামাশার ভিডিও ফাঁস

38

সাইফ হাসান: লন্ডনের মেট পুলিশের একজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ধ*র্ষণ ও যৌ*ন নি*র্যাতনের মতো গুরুতর বিষয় নিয়ে আপত্তিকর রসিকতা করার অভিযোগ উঠেছে। চ্যারিং ক্রস পুলিশ স্টেশনের ওই কর্মকর্তা বর্ণবাদী বৈষম্যকেও তুচ্ছতাচ্ছিল্য করেছেন যা সম্প্রতি একটি তথ্যচিত্রে ধরা পড়ে। অভিযুক্ত কর্মকর্তা ব্রায়ান শার্কি দাবি করেছেন এটি নিছক কৌতুক ছিল তবে বিষয়টি জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার অপ*রাধে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

বিবিসি প্যানোরামার একটি অনুসন্ধানী তথ্যচিত্রে সাবেক কনস্টেবল ব্রায়ান শার্কির এই বিতর্কিত কর্মকাণ্ড ধরা পড়ে। গোপন ক্যামেরায় দেখা যায় তিনি ধর্ষণ এবং যৌন হয়রানির মতো বিষয়গুলো নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। গত বছরের মে মাসে অবসরে যাওয়া এই কর্মকর্তা লন্ডনের চ্যারিং ক্রস পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন।

পুলিশের শুনানিতে জানানো হয় শার্কি বর্ণবাদী বৈষম্যের অভিযোগগুলোকে তুচ্ছ অজুহাত হিসেবে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন অপরাধীরা পুলিশের তল্লাশি থেকে বাঁচতে প্রায়ই বর্ণবাদের নাটক করে। এছাড়া প্রমাণের তথ্য সরিয়ে ফেলা এবং বিভিন্ন আপত্তিকর বিষয়ে সহকর্মীদের সাথে রসিকতা করতে তাকে ভিডিওতে দেখা গেছে।

মেট পুলিশের আইনজীবী সিসিলি হোয়াইট ট্রাইব্যুনালকে বলেন শার্কির এমন আচরণ জনগণের আস্থা নষ্ট করার জন্য যথেষ্ট। তিনি আরও বলেন পুলিশ যদি ধর্ষণের মতো ঘটনাকে হাসির খোরাক বানায় তবে সাধারণ মানুষ অভিযোগ দিতে ভয় পাবে। অভিযুক্ত শার্কি তার ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।

এই একই তথ্যচিত্রের জেরে ইতিমধ্যে শন পার্ক এবং জেসন সিনক্লেয়ারসহ মোট সাতজন পুলিশ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে বলে ট্রাইব্যুনাল নিশ্চিত করেছে। ব্রায়ান শার্কির বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলোর চূড়ান্ত শুনানি এখন সময়ের ব্যাপার মাত্র।

#লন্ডননিউজ #মেটপুলিশ #তদন্ত #aknews #onebanglanews