সাইফ হাসান: যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের কেলেঙ্কারি। সাবেক কনজারভেটিভ এমপি ক্রেইগ উইলিয়ামসসহ ১৫ জনের বিরুদ্ধে নির্বাচনের তারিখ নিয়ে জুয়া খেলার অভিযোগ উঠেছে। গত বছর শুরু হওয়া তদন্তে গোপন তথ্য ব্যবহার করে জুয়ায় সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গ্যাম্বলিং কমিশন জানিয়েছে, ২০২৪ সালের নির্বাচনের তারিখ জানার পর কিছু ব্যক্তি এই তথ্য ব্যবহার করে জুয়ার বাজারে সুবিধা নিয়েছেন। অভিযুক্তদের মধ্যে আছেন মন্টগোমারিশাযারের সাবেক এমপি ক্রেইগ উইলিয়ামস, যিনি তৎকালীন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সহযোগী ছিলেন। এছাড়া ওয়েলসের সেনেড সদস্য রাসেল জর্জও অভিযুক্ত, তাকে ওয়েলশ কনজারভেটিভ গ্রুপ থেকে সাসপেন্ড করা হয়েছে।
অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন লরা সন্ডার্স, ব্রিস্টল নর্থ ওয়েস্টের সাবেক কনজারভেটিভ প্রার্থী, এবং তার সঙ্গী অ্যান্থনি লি। তদন্তে আরও নাম এসেছে—থমাস জেমস, নিক মেসন, সাইমন চ্যাটফিল্ডসহ আরও কয়েকজন। এই ১৫ জনের বিরুদ্ধে গ্যাম্বলিং অ্যাক্টের ৪২ ধারায় মামলা হয়েছে। তারা আগামী ১৩ জুন ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট দালতে হাজির হবেন।
কনজারভেটিভ দলের একজন মুখপাত্র বলেন, “রাজনীতিতে যারা কাজ করেন, তাদের সততার সঙ্গে কাজ করতে হবে। অভিযুক্ত কর্মীদের তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা নতুন নেতৃত্বে আছি এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করছি।”
ওয়েলশ কনজারভেটিভ নেতা ড্যারেন মিলার বলেন, “রাসেল জর্জের সাসপেনশন একটি নিরপেক্ষ পদক্ষেপ, বিচার প্রক্রিয়ার ফলাফলের অপেক্ষায়।” এদিকে, লেবার পার্টির চেয়ারপার্সন এলি রিভস বলেন, “এটি গুরুতর ঘটনা। দোষী প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া যাবে না।”
গত ২২ মে, ২০২৪-এ ঋষি সুনাক ঘষণা করেন, নির্বাচন হবে ৪ জুলাই। এর আগে ক্রেইগ উইলিয়ামস নির্বাচনের তারিখ নিয়ে বাজি ধরেছিলেন। তিনি বিবিসিকে বলেছিলেন, “আমি বড় ভুল করেছি, এটা সত্য। আমি দুঃখিত।” তবে তদন্ত চলায় তিনি আর কিছু বলতে রাজি হননি।
নিক মেসন, যিনি বর্তমানে হেয়ারফোর্ডশায়ারের কাউন্সিলর, তাকেও কনজারভেটিভ গ্রুপ থেকে সাসপেন্ড করা হয়েছে। তিনি এখন স্বতন্ত্র কাউন্সিলর হিসেবে কাজ করছেন।
এই প্রতিবেদনের সূত্র: BBC















