মানসিক স্বাস্থ্যের জন্য বিনামূল্যে পরামর্শ সেবা UK news

93

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যের সাসেক্সে শুরু হলো এক অভিনব উদ্যোগ—’বন্ধুত্ব বেঞ্চ’। মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে এই প্রকল্পে সাধারণ জনগণ পাবেন প্রশিক্ষিত ‘দাদী’ ও ‘দাদু’দের সঙ্গ, যারা মন খুলে কথা শোনার জন্য বসে থাকবেন একটি সাধারণ বেঞ্চে।

জিম্বাবুয়ের অধ্যাপক ডিকসন চিবান্ডার ২০০৬ সালের তৈরি এই মডেল এখন ছড়িয়ে পড়ছে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, কাতার, জর্দানের মতো অনেক দেশে। এবার সেই পথেই হাঁটছে সাসেক্স।

সাসেক্স মেডিকেল স্কুল এবং জাতীয় স্বাস্থয গবেষণা সংস্থার রিসার্চ ফেলো ড. নিনা লকউড জানান, “আফ্রিকার তৈরি একটি মডেল পশ্চিমে কার্যকর হচ্ছে—এটা অনেকের কাছে অপ্রত্যাশিত হলেও বাস্তবতা হলো, যুক্তরাজ্যেও মানসিক স্বাস্থ্য সেবার ঘাটতি রয়েছে। আমাদের বিকল্প পথ খুঁজতেই হবে।”

জিম্বাবুয়ের মতো খোলা জায়গায় নয়, বরং ব্রিটিশ আবহাওয়ার কথা মাথায় রেখে এই বেঞ্চগুলো বসানো হবে লাইব্রেরি, গির্জার হল ও কমিউনিটি সেন্টারের মতো ইনডোর স্থানে।

স্থানীয়রা চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা হঠাৎ করেই এসে তাদের মানসিক চাপ, একাকীত্ব বা হতাশা নিয়ে কথা বলতে পারবেন। প্রশিক্ষি কর্মীরা শুধু শুনবেনই না, বরং সমস্যার মূল কারণ খুঁজে বের করতে সাহায্য করবেন।

“এক মা চার সন্তান নিয়ে এক রুমে থাকেন—এই কথাটি আমরা জানি তখনই, যখন তাকে সময় নিয়ে কথা বলতে দিই। তখন বোঝা যায়, তার মানসিক সমস্যা নয়, সমস্যা আসলে বাসস্থানের,” বলেন প্রথম দিকের ‘দাদী’দের একজন মেবরাক গেব্রুয়েলদি।

তিনি আরও বলেন, “কেউ কাজ পাচ্ছেন না, সেই হতাশা থেকেই মানসিক অবসাদে ভুগছেন—এগুলো চিকিৎসকের পাঁচ মিনিটের চেম্বারে ধরা পড়ে না। সেক্ষেত্রে ওষুধ না দিয়ে, বাস্তব সহায়তা দিলে উপকার হয় বেশি।”

গবেষণা বলছে, এই মডেল অনুসরণে ৮æ মানুষের মধ্যে হতাশা ও আত্মহত্যার চিন্তা কমেছে, এবং ৬০% মানুষের জীবনের মান উন্নত হয়েছে। ছয় মাস পরেও ৮০% ব্যবহারকারী ছিলেন উপসর্গমুক্ত।

চিবান্ডা বলেন, “বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য সংকট চলছে। এর সমাধান শুধু ওষুধ আর রোগ শনাক্তের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের আশেপাশে যে সহানুভূতি, যত্ন ও প্রজ্ঞার মানুষ রয়েছেন, বিশেষ করে দাদী-দাদুরা—তারাই হতে পারেন আসল সমাধান।”

যুক্তরাজ্যের মানসিক স্বাস্থ্য ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে প্রতি ছয়জনের একজন ছিলেন মাঝারি বা গুরুতর বিষণ্ণতায় আক্রান্ত। আর জীবনের কোনো না োনো সময়, অন্তত ১০% মানুষ হতাশায় ভোগেন।

এনএইচএস-এ সাহায্য চাওয়ার পরেও দেখা যায়, কাউন্সেলিংয়ের জন্য গড়ে ১৮ সপ্তাহ অপেক্ষা করতে হয়—অনেকে তার চেয়েও বেশি সময় ধরে অপেক্ষা করেন।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian
প্রতিবেদনটি করেছেন: সাইফ হাসান | ওয়ানবাংলানিউজ